শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বস্তিতে পুলিশ পাঠাতে  নিষেধ করলেন  মামদানি

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বস্তিতে পুলিশ পাঠাতে  নিষেধ করলেন  মামদানি

ছবি সংগৃহীত

সিটি হল পুলিশকে কার্যকর ভূমিকা থেকে সরিয়ে রাখছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি শহরের গৃহহীনদের গড়ে তোলা অবৈধ বস্তি সম্পর্কিত কোনো ৩১১ অভিযোগের জবাবে এনওয়াইপিডিকে যেতে নিষেধ করেছেন। ফলে পুরো বিষয়টির সামাল দেওয়ার ভার পড়েছে জনবলসংকটে ভোগা ও অতিরিক্ত চাপে থাকা সামাজিক সেবা বিভাগের কর্মীদের ওপর, সিটি প্রশাসনিক সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে দ্য পোস্ট। 

নতুন এই সিদ্ধান্তের অর্থ হলো, পুলিশ প্রশাসনকে এখন হাত গুটিয়ে বসে থাকতে হবে, যতক্ষণ না তারা ওপরমহল থেকে সবুজ সংকেত পায় (যদি আদৌ কখনো তারা তা পায়)।
একটি সূত্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, ‘ঘটনাটি একেবারেই অদ্ভুত। পুলিশ কোনো সাহায্য করতে পারছে না। তাদের শুধু ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসেসের জন্য অপেক্ষা করতে হচ্ছে... আর এতসব তদন্ত করার মতো পর্যপ্ত কর্মী ডিএসএসের নেই।’
সিটি হলের এই নির্দেশনার মাধ্যমে গৃহহীনদের এই অপরিচ্ছন্ন বস্তিগুলোর প্রতি মেয়রের ইতোমধ্যেই বিতর্কিত নীতিকে আরও জোরদার করা হলো। আগের নীতি অনুযায়ী, রাস্তায় থাকা গৃহহীনদের সাথে সমাজকর্মীরা যাতে কথা বলে তাদের বোঝাতে পারেন, সেজন্য পুলিশ অন্তত সাত দিন সেখানে গিয়ে কোনো বস্তি সরাতে পারত না।
সূত্র জানায়, হাতে সাত দিনের আইনি হাতকড়া থাকা সত্ত্বেও পুলিশ এতদিন ৩১১ অভিযোগ পেলে সেখানে যাচ্ছিল। কিন্তু গত মঙ্গলবার এনওয়াইপিডির সব অপারেশনাল উইংকে পাঠানো একটি ইমেইলে জানিয়ে দেওয়া হয় যে, তারা আর এই ধরনের ফোনকলে সাড়া দেবে না।
নতুন নির্দেশিকা অনুযায়ী, টহলরত পুলিশ সদস্যরা যদি কোথাও গৃহহীনদের কোনো বস্তি দেখতে পান, তবে তারা নিজেরাই ৩১১ নম্বরে ফোন করবেন। এরপর ডিএসএস এবং সিটির গৃহহীন সেবা বিভাগের কর্মীরা বিষয়টি খতিয়ে দেখবেন। তবে কোনো জরুরি অবস্থা কিংবা প্রচ- দুর্যোগপূর্ণ আবহাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতিতে পুলিশ হস্তক্ষেপ করতে পারবে।
গৃহহীন সংকট মোকাবিলায় এই নতুন নীতি এক আমূল পরিবর্তন নিয়ে এসেছে। চলতি বছরেই গৃহহীনদের বস্তি-সংক্রান্ত মোট ৩৬ হাজার অভিযোগের মধ্যে ২৬ হাজারের বেশি ক্ষেত্রে এনওয়াইপিডি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছিল।
তবে সিটি কর্মকর্তারা জানিয়েছেন, কোনো বস্তি পুরোপুরি উচ্ছেদ করার সময় এনওয়াইপিডি আগের মতোই উপস্থিত থাকবে।
২০২৫ সালের শেষের দিকে দায়িত্ব নেওয়ার ঠিক আগে মামদানি ঘোষণা দিয়েছিলেন যে তিনি গৃহহীন সংকট অত্যন্ত কোমল ও সহানুভূতির সাথে সমাধান করবেন, যা তার পূর্বসূরির নীতি থেকে পুরোপুরি আলাদা।
২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর সাবেক মেয়র এরিক অ্যাডামস তাঁবু বা অস্থায়ী বস্তিগুলো উচ্ছেদ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন।
২০২২ সালের মার্চে গৃহহীনদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে অ্যাডামস বলেছিলেন, ‘হাইওয়ের পাশে, গাছের নিচে, স্কুলের সামনে কিংবা পার্কের ভেতরের এসব অনিরাপদ ও অস্থায়ী খুপরি ঘর আমরা কোনোভাবেই বরদাশত করব না। এটি একেবারেই গ্রহণযোগ্য নয় এবং আমি তা হতে দেব না।’
এর ঠিক বিপরীতে দাঁড়িয়ে, মামদানি গৃহহীনদের আশ্রয়কেন্দ্র ও বস্তিগুলোর ব্যাপারে সম্পূর্ণ ‘হস্তক্ষেপ না করার’ নীতি গ্রহণ করেন, এমনকি হাড়কাঁপানো শীতে রাস্তায় বেশ কয়েকজন গৃহহীন মানুষের মৃত্যু হওয়ার পরও তিনি এ নীতিতেই অনড় থাকেন।
 

শেয়ার করুন: