শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ডেলিভারি কর্মীদের ঠকানো 

ডোরড্যাশকে এবার ১৩১  মিলিয়ন ডলার জরিমানা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২১:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ডোরড্যাশকে এবার ১৩১  মিলিয়ন ডলার জরিমানা

ছবি সংগৃহীত

নিউ ইয়র্ক সিটিতে ডেলিভারি কর্মীদের তাদের প্রাপ্য মজুরির চেয়ে কম দেওয়ার অভিযোগ নিষ্পত্তি করতে ডোরড্যাশ ১৩১.৫ মিলিয়ন ডলার পরিশোধ করবে বলে মঙ্গলবার ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি।

সিটির ইতিহাসে কর্মীদের জন্য সবচেয়ে বড় আর্থিক সমঝোতা বা ক্ষতিপূরণ হিসেবে অভিহিত করে কর্মকর্তারা জানান, চুক্তি অনুযায়ী ডোরড্যাশকে এখন থেকে ডেলিভারি কর্মীদের মজুরি-সংক্রান্ত আইনকানুন ঠিকঠাক মেনে চলা নিশ্চিত করতে একটি নতুন তদারকি ব্যবস্থার অধীন হতে হবে।
এক বিবৃতিতে ডোরড্যাশ নিজেদের ভুল স্বীকার করে বলেছে, ‘সোজা কথায় বলতে গেলে, আমরা একটা বিরাট ভুল করে ফেলেছি।’
প্রতিষ্ঠানটি আরও জানায়, ‘এই ভুলগুলো ইচ্ছাকৃত না হলেও, তাই বলে এগুলো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ডোরড্যাশে আমরা কাজের সর্বোচ্চ উৎকর্ষ ও নিখুঁত পরিচালন ব্যবস্থার জন্য গর্ব বোধ করিÑকিন্তু এই বিষয়টি কোনো দিক দিয়েই চমৎকার ছিল না, কিংবা গ্রহণযোগ্যও ছিল না। ড্যাশারদের (ডেলিভারি কর্মীদের) প্রতিটি কাজের পুরো পাওনা নির্ধারিত সময়েই বুঝিয়ে দেওয়া উচিত। যাদের আমরা হতাশ করেছি, সেই ড্যাশারদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
সিটি প্রশাসনিক সূত্রের তথ্যমতে, সমঝোতার অর্থ বা ক্ষতিপূরণের বড় একটি অংশ ডোরড্যাশের কাছ থেকে কম মজুরি পাওয়া, বকেয়া থাকা কিংবা দেরিতে মজুরি পাওয়া ২ লাখ ৬০ হাজারের বেশি ডেলিভারি কর্মীকে ফেরত দেওয়া হবে। এছাড়া কোম্পানিটিকে প্রায় ১৬ মিলিয়ন ডলার জরিমানা এবং অন্যান্য খরচ বাবদ সিটি কর্তৃপক্ষকে দিতে হবে।
মেয়র মামদানি এক বিবৃতিতে বলেন, ‘একজন শ্রমিক যখন কোনো মজুরি উপার্জন করেন, তখন তিনি সেই পুরো পাওনা পাওয়ার অধিকার রাখেন, তা আগামীকাল কিংবা কোনো মামলার নিষ্পত্তির পর নয়, বরং সঠিক সময়েই পুরোপুরি পাওয়ার কথা। ডোরড্যাশ ২ লাখ ৬০ হাজারের বেশি কর্মীকে প্রাপ্য মজুরির চেয়ে কম দিয়েছিল, এবং আজ আমরা সেই অর্থ তাদের ফিরিয়ে দিচ্ছি।’
ডোরড্যাশ জানিয়েছে, পাওনা পরিশোধের বেশিরভাগ ভুলই ঘটেছে ‘প্রযুক্তিগত ত্রুটি বা কিছু জটিল পরিস্থিতির কারণে।’ যেমন, সিটির সীমানার বাইরের কোনো ডেলিভারি, একাধিক স্থান থেকে পণ্য তোলা বা পৌঁছে দেওয়ার কাজ, কিংবা বাতিল হওয়া বা আংশিক সম্পন্ন হওয়া কোনো ডেলিভারির ক্ষেত্রে এই জটিলতাগুলো তৈরি হয়েছিল।
উল্লেখ্য, গত বছরও নিউ ইয়র্কে ডেলিভারি কর্মীদের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরির বাইরে গ্রাহকদের দেওয়া বকশিস (টিপস) ডোরড্যাশ নিজেদের পকেটে পুরে কর্মীদের মূল মজুরি পরিশোধে ব্যবহার করছিল বলে অভিযোগ ওঠে। গ্রাহকদের টিপসের অর্থ অন্যায্যভাবে হাতিয়ে নেওয়ার সেই অভিযোগ নিষ্পত্তি করতে সেবার কোম্পানিটি প্রায় ১৭ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছিল।
 

শেয়ার করুন: