ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের রোজলিনে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে একটি চশমার দোকানে দুটি চুরির ঘটনার তদন্ত করছে পুলিশ। দুটি ঘটনাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
‘পার্ল ভিশন’ নামের ওই দোকানের ভিডিওতে দেখা যায়, তিনজন লোক দোকানে ঢুকে চশমা তছনছ করে মালামাল নিয়ে সটকে পড়ে।
প্রথম চুরির ঘটনাটি ঘটে ২১ আগস্ট। এরপর গত মঙ্গলবার আবারো দোকানটিতে চুরি করা হয়।
দোকানের মালিক ওয়েন কেলি জানান, দ্বিতীয়বার যখন অভিযুক্তরা আসে, তখন প্রথম ঘটনার দুজনকে তিনি চিনতে পেরেছিলেন। এরপর তিনি তাদের দোকান থেকে বের করে দিতে সক্ষম হন।
কেলি আরো জানান, এই দুই দফায় চুরির ফলে তার প্রায় ১৪ হাজার ডলার মূল্যের মালামাল ক্ষতি হয়েছে।
নিজের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে কেলি বলেন, ‘দিনশেষে আমি কেবল চাই আমাদের এবং আমার কর্মচারীদের সাথে যেন এমন ঘটনা আর না ঘটে। তারা ভীষণ চিন্তিত। এভাবে কোনো দল এসে জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যাবে, বিষয়টি বেশ উদ্বেগের।’
নাসাউ কাউন্টি পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে এবং উক্ত এলাকায় টহল বাড়িয়ে দিয়েছে। কোনো তথ্য থাকলে পুলিশকে জানিয়ে সহায়তার আহ্বান জানানো হয়েছে।

















