শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মামদানি এবং হোকুলের পরিকল্পনা

বাসের গতি বাড়াতে  ৮০০ মিলিয়ন ডলার

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২২:২৩, ১০ জুলাই ২০২৬

বাসের গতি বাড়াতে  ৮০০ মিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

মেয়র জোহরান মামদানি এবং গভর্নর ক্যাথি হোকুল বুধবার একটি ৮০০ মিলিয়ন ডলারের পরিকল্পনা প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, বিশেষ লেন যুক্ত করার মাধ্যমে এই পরিকল্পনা শহরের বাস যাত্রার সময় কমিয়ে আনবে। তবে এর পাশাপাশি গাড়িচালকদের পকেট কাটতে ‘বিগ ব্রাদার’স্টাইলের আরো ট্রাফিক নজরদারি ক্যামেরাও বাড়ানো হবে।

এই ডেমোক্র্যাট নেতারা ফ্ল্যাটবুশে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনাটি প্রকাশ করেন। তারা দাবি করেন, নতুন এই ‘র‌্যাপিড বাস রুট’ (দ্রুতগতির বাস রুট) যাত্রীদের প্রতি ট্রিপে ছয় মিনিট সময় বাঁচাবে। এর পাশাপাশি অটোমেটেড ক্যামেরা এনফোর্সমেন্ট (স্বয়ংক্রিয় ক্যামেরা নজরদারি) কর্মসূচির আওতা বাড়িয়ে আগামী বছরের মধ্যে আরো ৫০টি রুটে ২০০টি নতুন ক্যামেরা যুক্ত করা হবে।
মামদানি বলেন, ‘নিউ ইয়র্ক সিটিতে সময়ের মূল্য অনেক। আর আমরা নিউ ইয়র্কবাসীদের ওই সময়ের কিছুটা ফিরিয়ে দিতে যাচ্ছি। সুনির্দিষ্টভাবে বলতে গেলে, ছয় মিনিট।’
মামদানি যখন এই ঘোষণা দেন, তখন তিনি একটি স্টপওয়াচ চালু করেছিলেন এবং তার বক্তব্য ছয় মিনিটের মধ্যে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার বক্তব্য দীর্ঘায়িত হয়ে যায়, যা ঠিক একটি এম৪২ বাসের মতোই সময়সূচি মেনে চলতে ব্যর্থ হয়।
তবে যাত্রী কল্যাণ সংগঠন ‘প্যাসেঞ্জারস ইউনাইটেড’-এর ভাইস চেয়ার অ্যালান রোজেন বলেন, বেশিরভাগ মানুষ আসলে বাসে কতদূর ভ্রমণ করেন তা বিবেচনা করলেই এই ছয় মিনিটের প্রতিশ্রুতি ভেস্তে যায়।
এমটিএ-তে বাস পরিকল্পনার দায়িত্বসহ দীর্ঘ তিন দশক কাটানো রোজেন বলেন, ‘তারা বলছে যে বাস লেন আপনার সর্বোচ্চ ছয় মিনিট সময় বাঁচাবে।’
তিনি আরো যোগ করেন, ‘এর মানে হলো আপনি যদি পুরো বাস রুট, ধরুন ৮ মাইল পথ ভ্রমণ করেন, তবে আপনি ছয় মিনিট বাঁচাবেন। কিন্তু সাধারণত একজন স্থানীয় বাস যাত্রীর গড় ভ্রমণের দূরত্ব ২.৩ মাইল। ফলে একজন গড় যাত্রী তাদের ৪৫ বা ৬০ মিনিটের যাত্রায় মাত্র ২ থেকে ৩ মিনিট বাঁচাতে পারবেন, যা একেবারেই নগণ্য।’
শহরের পরিবহন বিভাগ এবং মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির যৌথ এই পরিকল্পনায় বাসের জন্য সবুজ টার্নিং অ্যারো (বাঁক নেওয়ার সংকেত)সহ ট্রাফিক লাইট স্থাপন করা হবে এবং যাত্রার গতি বাড়াতে ‘ট্যাপ-অ্যান্ড-গো’ বোর্ডিং ব্যবস্থা ব্যবহার করা হবে, যদিও এমটিএ-র সাবেক এক বাস পরিকল্পনাবিদ জানিয়েছেন, এসব প্রচেষ্টার পরও যাত্রার সময় মাত্র কয়েক মিনিট কমবে।
সিটি হল জানিয়েছে, তারা পাঁচ বছর মেয়াদে এই পরিকল্পনার জন্য ২৫৪ মিলিয়ন ডলার এবং ক্যাপিটাল ফান্ড থেকে আরো ৬২৮ মিলিয়ন ডলার ব্যয় করবে। এই পরিকল্পনায় বাস স্টপগুলোর মধ্যকার দূরত্বকে ‘আন্তর্জাতিক এবং জাতীয় মানদ-ের সাথে সংগতিপূর্ণ’ করার কথাও বলা হয়েছে, যা এমটিএ-র চলমান বাস নেটওয়ার্ক পুনর্গঠনের একটি অংশ।
তবে এমটিএর মতে, মার্কিন এবং আন্তর্জাতিক নির্দেশিকা অনুযায়ী শহুরে স্থানীয় বাস স্টপগুলো প্রতি এক-চতুর্থাংশ মাইল পরপর থাকা উচিত, যেখানে নিউ ইয়র্ক সিটিতে বর্তমানে এগুলো আরো কাছাকাছি, প্রায় প্রতি ৮০০ ফুট পরপর রয়েছে। ফলে এই মানদ- বজায় রাখতে গেলে কিছু বাস স্টপ বিলুপ্ত করতে হবে।
রোজেন বলেন, নিজের নিয়মিত স্টপটি হারিয়ে ফেললে দ্রুতগতির বাসের মাধ্যমে বাঁচানো সময়টুকু কোনো কাজেই আসবে না।
রোজেন বলেন, ‘বাস স্টপ তুলে দেওয়ার কারণে আপনার যদি একটি বাস মিস হয়, তবে আপনার যাত্রায় সহজেই আরো ১০ মিনিট যোগ হয়ে যেতে পারে। সুতরাং, এমটিএর এই পরিকল্পনার অধীনে আপনার যাত্রা আরো ২০ মিনিট দীর্ঘ হতে পারে।’
রোজেনের মতে আসল সমস্যাটি হলো, বাসগুলো ধীরগতির নয়, বরং অনিয়মিত।
তিনি জানান, প্রায় ৬,০০০ সিটি বাস যেন সময়সূচি মেনে চলে তা তদারকি করার জন্য মাত্র ২০ জন সুপারভাইজার নিযুক্ত আছেন এবং এই পরিকল্পনায় সেই সমস্যার সমাধানে কিছুই করা হয়নি। বর্তমানে এমটিএ-তে কতজন বাস শিডিউল সুপারভাইজার কর্মরত আছেন, সে বিষয়ে দ্য পোস্ট-এর এক জিজ্ঞাসার কোনো জবাব দেয়নি এমটিএ।
 

শেয়ার করুন: