শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ডিজে-কে জেতাতে  ব্যালট পেপার  ডাম্পস্টারে!

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২২:২২, ১০ জুলাই ২০২৬

ডিজে-কে জেতাতে  ব্যালট পেপার  ডাম্পস্টারে!

ছবি: সংগৃহীত

লং আইল্যান্ডের একটি স্কুল নির্বাচনকে কেন্দ্র করে নাসাউ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি একটি তদন্ত শুরু করেছেন। অভিযোগ উঠেছে, স্থানীয় এক ডিজে-কে স্কুল বোর্ডের নির্বাচনে জেতাতে গিয়ে ভোটারদের ব্যালট পেপার আবর্জনার বাক্সে ফেলে হাতেনাতে ধরা পড়েছেন এক ক্লার্ক।

এখন একটি ফৌজদারি তদন্তের মুখোমুখি হয়েছেন হেম্পস্টেড ইউনিয়ন ফ্রি স্কুল ডিস্ট্রিক্টের ক্লার্ক এপ্রিল কিজ এবং বর্তমান বোর্ড প্রেসিডেন্ট ভিক্টর প্র্যাট, যিনি ‘ডিজে ভিক-লাভার’নামেও পরিচিত। ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু প্রমাণ জমা দেওয়ার পর এই তদন্ত শুরু হয়। প্রমাণে দাবি করা হয়েছে, প্র্যাটকে আবার নির্বাচিত করার প্রচেষ্টায় কিজ ব্যালট পেপার ছিঁড়ে ফেলেছেন এবং নিজের অফিস থেকে পাচার করে তা একটি ডাম্পস্টারে (আবর্জনার বড় পাত্র) ফেলে দিয়েছেন। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যান ডনেলির এক মুখপাত্র মিডিয়ার কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।
তবে মুখপাত্র এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।
গত জুনে, স্কুল ডিস্ট্রিক্টের নিজস্ব অভ্যন্তরীণ তদন্তের একটি ৫১ পৃষ্ঠার রিপোর্টে মে মাসে অনুষ্ঠিত স্কুল বোর্ড নির্বাচনের বেশ কিছু সন্দেহজনক অনিয়মের বিস্ফোরক তথ্য সামনে আনা হয়। তদন্তে দেখা গেছে, প্র্যাট মাত্র ৮১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ইভটিআর (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটে তিনি তৃতীয় অবস্থানে থাকা সত্ত্বেও, সন্দেহজনকভাবে বিপুল সংখ্যক ‘অ্যাবসেন্টি ব্যালট’ (অনুপস্থিত ভোটারদের ব্যালট) এবং আগাম মেল-ইন ভোটের জোরে তিনি এই জয় পান।
তদন্ত প্রতিবেদনে আরো জানা যায়, এই ডিজে তথা বর্তমান বোর্ড ট্রাস্টি ৮৭% অ্যাবসেন্টি ভোট এবং ৫৫% আগাম মেল-ইন ভোট পেয়েছেন; যেখানে সরাসরি মেশিনে দেওয়া ভোটের মাত্র ২৭% তার পক্ষে ছিল। অথচ অন্য ট্রাস্টি প্রার্থীরা সব মিলিয়ে ১০০টিরও কম অ্যাবসেন্টি এবং আগাম মেল-ইন ব্যালট পেয়েছিলেন।
ডিস্ট্রিক্ট কর্মকর্তাদের অভ্যন্তরীণ তদন্ত অনুসারে জানা গেছে, এই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা এপ্রিল কিজ অফিসিয়ালি জমা পড়া ব্যালট পেপারগুলো ছিঁড়ে ফেলেন। এরপর স্কুলের কর্মী ওয়েন পিটার্স এবং স্বয়ং প্র্যাটের সহায়তায় সেগুলো অফিস থেকে গোপনে বের করে ময়লার স্তূপে ফেলে দেন।
ডিস্ট্রিক্টের এই বিস্ফোরক ফাঁসের পর নিউইয়র্ক রাজ্য সরকার এতে হস্তক্ষেপ করে এবং আগামী ১৭ আগস্ট একটি সম্পূর্ণ নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেয়। নতুন এই ভোট প্রক্রিয়ার তদারকি করার জন্য রাজ্য সরকার একজন অস্থায়ী ক্লার্কও নিয়োগ করেছে। তার নাম নীল বয়েড।
ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নির্বাচনের তিন দিন পরই এপ্রিল কিজকে প্রশাসনিক ছুটিতে (সাময়িক বরখাস্ত) পাঠানো হয়েছে।
 

শেয়ার করুন: