ছবি: সংগৃহীত
ট্রাই-স্টেট অঞ্চলে আঘাত হানা সাম্প্রতিক চার দিনের তীব্র তাপপ্রবাহে হিট-স্ট্রোক ও গরমজনিত অসুস্থতায় তিন নিউ ইয়র্কবাসীর মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মেয়রের প্রেস সেক্রেটারি জো ক্যালভ্যালো নিশ্চিত করেছেন, ভুক্তভোগী তিনজনেই সপ্তাহান্তে (উইকএন্ড) তাদের নিজ নিজ বাড়িতে মারা গেছেন।
এক বিবৃতিতে ক্যালভ্যালো বলেন, ‘তীব্র তাপপ্রবাহ অত্যন্ত মারাত্মক। প্রতি বছর নিউ ইয়র্কের প্রায় ৫০০ মানুষ গরমজনিত অসুস্থতায় প্রাণ হারান। আর এই কারণেই তীব্র তাপপ্রবাহের এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রশাসন সরকারের সব বিভাগকে সাথে নিয়ে ব্যাপক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচটি বরোজুড়ে শত শত কুলিং সেন্টার (ঠান্ডা হওয়ার কেন্দ্র) খোলা, আউটডোর পুলগুলোর সময়সীমা বাড়ানো এবং বয়স্ক নাগরিক, গৃহহীন ও সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা অন্যান্য নিউ ইয়র্কবাসীর কাছে সাহায্য পৌঁছে দেওয়ার পরিধি বাড়ানো।’
তিনি আরো জানান, চরম ভাবাপন্ন আবহাওয়া এবং তীব্র তাপপ্রবাহের ক্রমবর্ধমান হুমকি থেকে নিউ ইয়র্কবাসীদের রক্ষা করতে সিটি প্রশাসন সবসময় ‘সতর্ক’ থাকবে।
এই চার দিনের তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছিল বুধবার এবং তা চলেছিল শনিবার, ৪ জুলাই পর্যন্ত। এ সময় কিছু কিছু এলাকার তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর তাপমাত্রার অনুভুতি (হিট ইনডেক্স) ছিল তার চেয়েও বেশি।
অবশেষে রোববার এই তাপপ্রবাহ কাটে, যখন তাপমাত্রা কমে ৮০-এর ঘরের কোঠায় নেমে আসে।
এদিকে, নিউ জার্সিতে এই তীব্র গরমের কারণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

















