ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের জাতি আবারও ঘুরে দাঁড়িয়েছে। আগের চেয়ে বড়, আরও উন্নত, আরও সমৃদ্ধ এবং যে কোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী। বুধবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে নিজের অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়ে গেছে। এদিকে ট্রাম্পের ভাষণের সময় কয়েকজন ডেমোক্র্যাট প্রতিনিধি প্রতিবাদ জানান। খবর বিবিসির।
চলতি বছরের শেষদিকে উদযাপিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রসঙ্গ টেনে প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনামলকে ‘যুগান্তকারী পরিবর্তনের সময়’ হিসাবে উল্লেখ করেন। প্রথা অনুযায়ী-মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নি¤œকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের যৌথ অধিবেশনে তিনি স্টেট অব দ্য ইউনিয়নে ভাষণ দেন। দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে অভিবাসন প্রসঙ্গে ট্রাম্প বলেন, নথিবিহীন অভিবাসীরাই সহিংস অপরাধের জন্য দায়ী। অভিবাসন কর্মকর্তাদের কঠোর অভিযানের লাগাম টানার ব্যবস্থা না নিলে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে অর্থায়ন করতে অস্বীকৃতি জানানোয় ডেমোক্র্যাটদের ভর্ৎসনা করেন তিনি। ডেমোক্র্যাটদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের লজ্জা হওয়া উচিত।
ট্রাম্প যখন তার অভিবাসন প্রয়োগ কার্যক্রমের প্রশংসা করছিলেন তখন মিনিয়াপোলিসের একটি আসনের প্রতিনিধি ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ইলহান ওমর তার দিকে চিৎকার করেন। তিনি বলেন, ‘আপনি আমেরিকানদের হত্যা করেছেন!’ এ সময় ট্রাম্পের দিকে একটি সাইনবোর্ড তুলে ধরেন ডেমোক্রেটিক প্রতিনিধি আল গ্রিন। সেখানে লেখা ছিল, ‘কৃষ্ণাঙ্গ মানুষ বানর নয়।’ এটি ছিল এ মাসে ট্রাম্পের শেয়ার করা একটি ভিডিওর প্রতিবাদ। ওই ভিডিওতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করে দেখানো হয়েছিল। এদিন আরও কয়েকজন ডেমোক্র্যাট ভিন্নভাবে প্রতিবাদ জানান। হাওয়াইয়ের প্রতিনিধি জিল টোকুদা সাশ্রয়ী মূল্য ও স্বাস্থ্যসেবা লেখা একটি সাদা জ্যাকেট পরেন।
কয়েকজন ডেমোক্র্যাট নারী সদস্য ‘ফাইল প্রকাশ করুন’ লেখা ব্যাজ পরেন। এটি জেফ্রি এপস্টাইনকে ঘিরে বিতর্কের ইঙ্গিত। তার বিরুদ্ধে অভিযোগ আনা কয়েকজন নারী ওইদিন ডেমোক্র্যাটদের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এদিকে ৪০ জনের বেশি ডেমোক্র্যাট আইনপ্রণেতা ট্রাম্পের ভাষণ বয়কট করে বাইরে সমাবেশে যোগ দেন।

















