ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির কুইন্সে গত মাসে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৩৮ বছর বয়সী রোমান আমাতিতলা নামের এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন। ঘটনাটি ঘটে গত ১৬ মার্চ, ফ্লাশিং এলাকার ১৩২-০৫ অ্যাভেরি অ্যাভিনিউর একটি ভবনে।
অভিযোগ অনুযায়ী, ভবনের প্রবেশপথে আগুন লাগানো হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনটিতে অবৈধভাবে অ্যাপার্টমেন্ট পরিবর্তন এবং অগোছালো অবস্থার কারণে আগুন আরও ভয়াবহ রূপ নেয়।
দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় এবং সেখানে একাধিক মানুষকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। এই অগ্নিকা-ে নিহতদের মধ্যে রয়েছে ৩ বছর বয়সী সিহান ইয়াং, ৫০ বছর বয়সী চেংরি কুই, এবং আরও দুইজন (৬১ ও ৬৩ বছর বয়সী), যাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এছাড়া আরও চারজন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের সঙ্গে ভবন বা সেখানে বসবাসকারী কারও কোনো সম্পর্ক ছিল না এবং এখনো পর্যন্ত তার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।
৮ এপ্রিল এনওয়াইপিডি ওয়ারেন্ট স্কোয়াড এলমহার্স্টে তার বাসা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে ১০৯ প্রিসিঙ্কটে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়। এসময় তিনি মাথা নিচু করে ছিলেন এবং কোনো প্রশ্নের উত্তর দেননি।
রোমান আমাতিতলার বিরুদ্ধে ৮টি হত্যা, ১২টি হামলা, ৮টি অগ্নিসংযোগ এবং একটি দোকান থেকে বিয়ার চুরির ঘটনায় ৪টি পেটিট লারসেনির অভিযোগ আনা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

















