ছবি: সংগৃহীত
সৌদি আরবসহ উত্তর আমেরিকায় আগামী ২৭ মে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। ঈদের আগের দিন ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল আজহা মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব।
এ উৎসবে পশু কোরবানির মাধ্যমে আত্মত্যাগ, ভেতরের কলুষতা পরিহার এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেওয়া হয়। সাধারণত সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ পালিত হয়ে থাকে। বাংলাদেশের আকাশে ১৮ মে সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে জিলহজের ১০ তারিখ, অর্থাৎ ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
আরবি বর্ষপঞ্জী অনুসারে যিলহজ্ব মাসের ১০ তারিখে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়। এর আগের দিন ৯ যিলহজ্ব পালিত হবে পবিত্র হজ। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম ইতোমধ্যেই মক্কানগরীতে উপস্থিত হয়েছেন। আরাফাতের ময়দানে একত্রিত হবেন লক্ষ লক্ষ মুসলমান। সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ঈদুল আযহা উদযাপনে পরিলক্ষিত হচ্ছে ব্যাপক উৎসাহ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন মসজিদগুলো আগামী ২৭ মে ঈদের জামাত আয়োজনের ঘোষণা দিয়েছে।
নিউইয়র্কের মুসলিম কমিউনিটিতেও বেশ সাড়া পড়ে গেছে। যুক্তরাষ্ট্রে প্রায় আড়াই হাজার মসজিদে ও অনেক সিটিতে খোলা মাঠে অনুষ্ঠিত হবে এবার ঈদের জামাত। বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদ কমিটির কর্মকর্তারা জানান, ইতিমধ্যে তারা নামাজের সময়সূচি ঘোষণা করেছেন।
আবহাওয়া ভালো থাকলে অধিকাংশ মসজিদের পক্ষ থেকে খোলা মাঠে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। আবার কোনো মসজিদের অভ্যন্তরে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এসব ঈদ জামাতে নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়েছে মহিলাদের।
এদিকে প্রবাসী বাংলাদেশিরা দেশ ও প্রবাসে কোরবানি দেয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন। অনেক প্রবাসী বাংলাদেশে কোরবানি দেওয়ার ব্যবস্থা করেছেন। আবার অনেকে প্রবাসেই কোরবানি করবেন। নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অনেকে বাংলাদেশি সুপার মার্কেটগুলোতে আগাম কোরবানির অর্ডার দিচ্ছেন। আবার কেউ কেউ খামারে গিয়ে নিজের পছন্দমতো গরু বা ছাগল নির্বাচন করে কোরবানির ব্যবস্থা করছেন।
জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে কুইন্সের টমাস এডিসন হাইস্কুল মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া খারাপ থাকলে মসজিদ ভবনে সকাল ৮টা, ৯টা ও ১০টায় তিনটি জামাত হবে।
জ্যামাইকার দারুস সালাম মসজিদের উদ্যোগে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হবে ২৭ মে মসজিদের ভিতরে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯ টায় এবং চতুর্থ জামাত সকাল ১০টায়। প্রথম জামাত ছাড়া সব জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।
আমেরিকান মুসলিম সেন্টারে সকাল ৬টা, ৭টাম ৮টা, ৯টা এবং ১০টায় মোট ৫টি জামাত অনুষ্ঠিত হবে।
মুনা সেন্টার অব জ্যাকসন হাইটসে সকাল ৮টায় একটি জামাত অনুষ্ঠিত হবে।
আল-আমিন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের জামাত খোলা মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে মসজিদের ভেতরে তিনটি জামাত হবে সকাল ৭টা, ৮টা ও ৯টায়। তৃতীয় জামাতে মহিলাদের অংশগ্রহণের ব্যবস্থা থাকবে।
জ্যাকসন হাইটসের মসজিদ নামিরাহ মসজিদ সংলগ্ন ৩৫-৩৫, ৭১ স্ট্রিটে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। আবহাওয়া খারাপ হলে মসজিদের ভেতরে দুটো জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে ও সকাল ৯টায়।
জ্যামাইকার আল আরাফা ইসলামিক সেন্টারে মসজিদের ভেতরে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সম্ভাব্য সময়সূচি সকাল ৭টা, ৮টা ও ৯টা।
নিউইয়র্ক ঈদগাহের উদ্যোগে ঈদের ৬টি জামাত অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায়। প্রথম জামাত সকাল ৬টায়, দ্বিতীয় জামাত সকাল ৭টায়, তৃতীয় জামাত সকাল ৮টায়, চতুর্থ জামাত সকাল ৯টায়, পঞ্চম জামাত ১০টা এবং শেষ জামাত সকাল ১১টায়।
ব্র্রঙ্কসের পার্কচেস্টার মসজিদের উদ্যোগে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভিতরে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়।
নিউ কার্ক বেলাল মসজিদের উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৬টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে।
ব্রুকলিনের বাইতুল জান্নাহ জামে মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে খোলা রাস্তায় সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া মসজিদের ভেতরে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৬টায়। বৃষ্টি হলে সকাল সাড়ে ৭টা থেকে পরপর পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
দারুল জান্নাহ মসজিদ ও ইসলামিক সেন্টারে চারটি জামাত অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য সময়-সকাল সোয়া ৭টা, পৌনে ৮টা, সোয়া ৮টা ও ৯টা।

















