শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ক্যালিফোর্নিয়ায়  তরুণের মরদেহ  উদ্ধার

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:০১, ১০ এপ্রিল ২০২৬

ক্যালিফোর্নিয়ায়  তরুণের মরদেহ  উদ্ধার

ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার একটি অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধারের ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মেরিনা ডেল রে এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রকৌশলী শাকিব আলীর (৩২) মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তিনি সেখানে একাই বসবাস করতেন বলে জানা গেছে। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

তবে প্রাথমিকভাবে অনেকেই হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন। নিহত শাকিব আলী জর্জিয়া অঙ্গরাজ্যের সুপরিচিত চিকিৎসক, আটলান্টাপ্রবাসী আওয়ামী লীগ নেতা এবং ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী মানিক ও শাকিরা আলী বাচ্চির একমাত্র ছেলে। বিশ্বস্ত একটি সূত্র জানায়, শাকিবের সঙ্গে তার বাবা-মায়ের প্রায় প্রতিদিনই যোগাযোগ হতো। তবে গত তিন থেকে চার দিন ধরে একাধিকবার ফোন করেও তারা তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। এতে পরিবারের মধ্যে উদ্বেগ ও আশঙ্কা দেখা দেয়। পরে সোমবার সকালে তারা ক্যালিফোর্নিয়ার মেরিনা ডেল রে-তে শাকিবের অ্যাপার্টমেন্টে গিয়ে তার মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।শাকিব আলী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি আমাজনে কর্মরত ছিলেন বলে জানা গেছে। চাকরির সুবাদে মাত্র ছয় মাস আগে তিনি ক্যালিফোর্নিয়ায় যান।
এদিকে প্রবাসী বাংলাদেশি তরুণ সাকিবের মরদেহ হস্তান্তর ও জানাজা সংক্রান্ত নতুন সূচি জানা গেছে । পারিবারিক সূত্রে জানা গেছে, ৮ এপ্রিল বুধবার সাকিবের মরদেহ আনুষ্ঠানিকভাবে রিলিজ হয়ে সংশ্লিষ্ট ফিউনারেল হোমে পৌঁছার কথা। একই দিন লস অ্যাঞ্জেলেসে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।পরবর্তী ধাপে ৯ এপ্রিল বৃহস্পতিবার মরদেহটি আটলান্টায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১০ এপ্রিল শুক্রবার সেখানে প্রধান জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
 

শেয়ার করুন: