ছবি: সংগৃহীত
বিগ অ্যাপল বা নিউইয়র্ক সিটিতে গৃহহীনদের আস্তানা উচ্ছেদ অভিযান দরকার বলে স্বীকার করেছেন মেয়র জোহরান মামদানি। তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তার প্রশাসন আগের মেয়রদের তুলনায় আরও ভালো ফলাফল নিশ্চিত করবে।
একটি বড় নীতিগত প্রতিশ্রুতি থেকে সরে আসার বিষয়ে প্রশ্নের মুখে মেয়র বলেন, তিনি বিশ্বাস করেন মেয়র এরিক অ্যাডামসের প্রশাসনের নীতি একটি ব্যর্থতা ছিল। কারণ, তারা খুব অল্প সংখ্যক গৃহহীন মানুষকে সেবার আওতায় আনতে পেরেছিল।
হারলেমে একটি সংবাদ সম্মেলনে মামদানি সাংবাদিকদের বলেন, আমি আমার টিমের সাথে মিলে আগের প্রশাসনের নীতিতে সাময়িক বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই সময়ে আমরা নিজস্ব একটি নীতি তৈরি করেছি, যা নগরীর জন্য অনেক ভালো ফলাফল বয়ে আনবে।
মেয়র দাবি করেন, গত মঙ্গলবার রাতে মিডিয়ায় প্রথম প্রকাশিত এ সংশোধিত নীতিটি কার্যকর করার জন্য তার প্রশাসন সাম্প্রতিক শৈত্যপ্রবাহ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল।
তিনি বলেন, অ্যাডামসের নীতির সাথে এর পার্থক্য হবে এখানে যে, শহর কর্তৃপক্ষ গৃহহীনদের অস্থায়ী আস্তানাগুলো ভেঙে ফেলার আগে টানা সাত দিন সেখানে যাবে এবং মানুষকে রাস্তা থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়ার চেষ্টা করবে।
মামদানি বলেন, আগে যেখানে একজন গৃহহীন নিউ ইয়র্কবাসীর সাথে শহর কর্তৃপক্ষের মাত্র দুবার দেখা হতো, প্রথম দিন যখন নোটিশ দেওয়া হতো এবং সপ্তম দিন যখন নোটিশের মেয়াদ শেষ হতো। আমাদের প্রশাসন সেই গৃহহীন নিউ ইয়র্কবাসীদের সাথে প্রতিদিন দেখা করবে।
মেয়র আরও জানান, এই অভিযানে পুলিশের বদলে ডিপার্টমেন্ট অফ হোমলেস সার্ভিসেস প্রধান সংস্থা হিসেবে কাজ করবে। তিনি এটিকে আগের প্রশাসনের চেয়ে বড় পরিবর্তন হিসেবে অভিহিত করেন। অবশ্য আগের মেয়রদের আমলেও ডিএইচএস এই কাজের সাথে যুক্ত ছিল।
২০২২ সালে যখন অ্যাডামস এই উচ্ছেদ অভিযান শুরু করেছিলেন, তখন তিনি এটিকে পুলিশ, ডিএইচএস, পরিচ্ছন্নতা বিভাগ এবং পার্কস ডিপার্টমেন্টের একটি যৌথ প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছিলেন।

















