ছবি: সংগৃহীত
ডোয়েন ‘দ্য রক’ জনসনের সহ-মালিকানাধীন একটি এনার্জি ড্রিংক ব্র্যান্ড প্রতারণামূলক বিপণন কৌশল ব্যবহারের অভিযোগে ৩ মিলিয়ন (৩০ লাখ) ডলারের একটি ক্লাস-অ্যাকশন সেটলমেন্ট বা আইনি সমঝোতায় সম্মত হয়েছে। আর এর ফলে আপনি ১৫০ ডলার পর্যন্ত পেতে পারেন।
‘জোয়া এনার্জি’র বিরুদ্ধে মামলা করা হয়েছিল এই দাবিতে যে, তাদের পানীয়গুলোতে রাসায়নিক প্রিজারভেটিভ বা সংরক্ষণকারী উপাদান রয়েছে। অবশ্য ব্র্যান্ডটি দাবি করে যে তাদের পানীয় প্রিজারভেটিভ-মুক্ত।
‘ইউএসএ টুডে’-র প্রাপ্ত একটি ফেডারেল অভিযোগ অনুযায়ী, জোয়া-র পণ্যে ‘০ প্রিজারভেটিভ’ থাকার দাবিটি মিথ্যা। কারণ প্রতিটিতে উল্লেখযোগ্য পরিমাণে প্রিজারভেটিভ হিসেবে ‘সাইট্রিক অ্যাসিড’ রয়েছে।
মামলার তথ্যমতে, পানীয়গুলোতে সাইট্রিক এবং অ্যাসকরবিক অ্যাসিড রয়েছে, যা রাসায়নিক প্রিজারভেটিভ হিসেবে পরিচিত।
নথিপত্র অনুযায়ী, জোয়া এই অভিযোগগুলো অস্বীকার করেছে এবং দাবি করেছে যে তাদের লেবেলিং ও বিপণন সত্য, নির্ভুল এবং প্রচলিত আইনের সাথে সংগতিপূর্ণ।
এই সমঝোতার সুবিধা তারা পাবেন যারা ১ মার্চ, ২০২১ থেকে ২১ নভেম্বর, ২০২৫ সালের মধ্যে ‘০ প্রিজারভেটিভ’ লেবেলযুক্ত যেকোনো জোয়া এনার্জি ড্রিংক কিনেছেন।
আবেদনকারীরা কতগুলো পানীয় কিনেছেন এবং তাদের কাছে ক্রয়ের প্রমাণ (রসিদ) আছে কি না, তার ওপর ভিত্তি করে নগদ অর্থ পাবেন।
যাদের কাছে ক্রয়ের প্রমাণ আছে, তারা প্রতি ইউনিটের জন্য ১ ডলার করে সর্বোচ্চ ১৫০ ডলার পর্যন্ত (পরিবার প্রতি) পেতে পারেন।
ক্রয়ের প্রমাণ বা রসিদ না থাকলে, একটি পরিবার সর্বোচ্চ ১০ ডলার পর্যন্ত দাবি করতে পারবে।
সম্ভাব্য পাওনাদারদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। তাদের আগামী শুক্রবার, ২০ ফেব্রুয়ারির মধ্যে একটি বৈধ ক্লেইম ফর্ম জমা দিতে হবে।
জোয়া এনার্জি সেটলমেন্টের চূড়ান্ত অনুমোদনের শুনানি ২৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সেটলমেন্টের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রস্তাবিত ক্ষতিপূরণ কেবল তখনই দেওয়া হবে, যদি আদালত এই সমঝোতায় চূড়ান্ত অনুমোদন দেয় এবং কোনো আপিল থাকলে তা সমঝোতার পক্ষে নিষ্পত্তি হয়।

















