ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে দলের আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন নিউইয়র্কের কংগ্রেসম্যান হাকিম জেফরিস। এর মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক ইতিহাসে স্পিকার পদে প্রথম কৃষ্ণাঙ্গ প্রার্থী হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করলেন ৫৬ বছর বয়সী এই ডেমোক্রেট নেতা। বুধবার অনুষ্ঠিত দলীয় ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেলেও ইসরাইল-ফিলিস্তিন নীতি, গাজা পরিস্থিতি এবং দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে অভ্যন্তরীণ বিরোধের মুখে পড়তে হয়েছে তাকে।
মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের সাফল্যের কয়েক সপ্তাহের মাথায় এ মনোনয়ন পেলেন জেফরিস। ওই নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পায় ডেমোক্রেটরা। বুধবার রুদ্ধদ্বার ভোটে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট ককাসের ২৫১ সদস্য তার পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ১১ জন।
মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেফরিস। এক পোস্টে তিনি বলেন, ‘একসঙ্গে আমরা সাহসী পরিবর্তন আনব। আমেরিকার মানুষের জীবনে বড় ধরনের পার্থক্য তৈরি করব।’
তবে দলের ভেতরে নেতৃত্ব ও নীতিগত অবস্থান নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষের কারণে ভোটের আগে প্রকাশ্য সমর্থন আদায়ের উদ্যোগ নেন জেফরিস। সম্প্রতি নির্বাচিত কয়েকজন ডেমোক্রেট সদস্য তার নেতৃত্বের প্রতি সমর্থন জানাতে অস্বীকৃতি জানান। তাদের দাবি, নির্বাচনী প্রচারে দেওয়া সাহসী ও জনমুখী নীতিগত প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় অবস্থান নেবেনÑএমন নেতৃত্ব চান তারা।
বিরোধীদের অন্যতম ওহাইওর কংগ্রেস সদস্য ডন লিওনার্ড। প্রগতিশীল কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জেফরিসের কাছ থেকে নিশ্চয়তা না পেলে তাকে ভোট দেবেন না বলে জানান তিনি। এসব দাবির মধ্যে রয়েছে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ এবং সুপ্রিম কোর্টের ‘সিটিজেনস ইউনাইটেড’ রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত নির্বাচনী প্রচারে অর্থায়নব্যবস্থার সংস্কার।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে লিওনার্ড বলেন, গাজায় ইসরাইলের কর্মকা-ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন, বিশেষ করে লেহি আইন প্রয়োগে জেফরিসকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। পাশাপাশি নির্বাচনী রাজনীতিতে অর্থের প্রভাব কমাতে ‘সিটিজেনস ইউনাইটেড’ রায় সংশ্লিষ্ট বিষয়েও কার্যকর উদ্যোগ নিতে হবে। এসব বিষয়ে অবস্থান স্পষ্ট না করলে তার সমর্থন পাবেন না জেফরিস।
ইসরাইলের প্রতি জেফরিসের অবস্থান এবং ইসরাইলপন্থি লবিং সংগঠন আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (এআইপ্যাক) সঙ্গে তার সম্পর্ক নিয়েও ডেমোক্রেটদের একাংশের সমালোচনা রয়েছে। মঙ্গলবার দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব সমালোচনার জবাব দেন তিনি। এ সময় মধ্যপ্রাচ্যে ‘বড় ধরনের পরিবর্তনের’ আহ্বান জানানোর পাশাপাশি ইসরাইল ও ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
জেফরিসের বিরোধিতা করে ভোট দেওয়া সদস্যদের মধ্যে রয়েছেন সদ্য নির্বাচিত নিউইয়র্কের ডারিয়ালিজা আভিলা শেভালিয়ের ও ক্লেয়ার ভালদেজ, নিউ জার্সির অ্যাডাম হামাউয়ি, কলোরাডোর মেলাত কিরোস, মিশিগানের ডোনাভান ম্যাককিনি এবং পেনসিলভানিয়ার ক্রিস রাব।
আলজাজিরার সঙ্গে শেয়ার করা এক যৌথ বিবৃতিতে বিরোধী সদস্যরা জানান, ‘সবার জন্য মেডিকেয়ার’ কর্মসূচি বাস্তবায়ন, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর কঠোর কর্মকা- বন্ধ, রাজনীতিতে অর্থের প্রভাব কমানো এবং গাজায় গণহত্যার অবসানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জেফরিসের কাছ থেকে তারা প্রত্যাশিত প্রতিশ্রুতি পাননি।
দলীয় মনোনয়নে বড় ব্যবধানে জয় পেলেও এসব মতবিরোধ স্পিকার পদে জেফরিসের নেতৃত্বের সামনে রাজনৈতিক চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের নীতিগত ঐক্য ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্ষমতাও তার নেতৃত্বের গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হতে পারে।

















