শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও র‌্যাপার 

৪২ মিলিয়ন ডলারের ফুড  স্ট্যাম্প জালিয়াতি ফাঁস 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:০২, ২৩ অক্টোবর ২০২৬

৪২ মিলিয়ন ডলারের ফুড  স্ট্যাম্প জালিয়াতি ফাঁস 

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নোটের বান্ডিলে আগুন দেওয়ার ছবি পোস্ট করে আলোচনায় আসা আটলান্টার র‌্যাপার ‘শটি ড্রেড’কে কোটি কোটি ডলারের খাদ্য সহায়তা বা ‘ফুড স্ট্যাম্প’ জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে ৪ কোটি ২০ লাখ (৪২ মিলিয়ন) ডলারের এ বিশাল জালিয়াতি চক্রটি উন্মোচিত হয়।

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও র‌্যাপার হিসেবে পরিচিত ৩৯ বছর বয়সী এই ব্যক্তি প্রায় দুই মিলিয়ন অনুসারীর সামনে প্রাইভেট জেট, রোলস-রয়েস গাড়ি ও বিলাসবহুল জীবনযাপনের ছবি পোস্ট করতেন এবং সাধারণ মানুষকে উপহাস করতেন। তদন্তকারীরা জানান, ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে তিনি জর্জিয়ার মানবসেবা বিভাগের ৩৫০টিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে অসৎ উপায়ে কোটি কোটি টাকার সরকারি খাদ্য সহায়তার ডেবিট কার্ড হাতিয়ে নেন। পরে তিনি এসব কার্ড রাস্তায় নগদ টাকায় বিক্রি করতেন কিংবা নিজের নিবন্ধিত ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবহার করে প্রায় ৪৬ লাখ ডলারের ব্যক্তিগত জালিয়াতি চালান। সম্প্রতি তার বিরুদ্ধে ডাক জালিয়াতি, পরিচয় চুরি ও ফুড স্ট্যাম্প জালিয়াতির মোট ৬২টি অভিযোগ আনা হয়েছে।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এক সংবাদ সম্মেলনে জানান, এই জালিয়াতি বন্ধ না হলে অন্তত ২ লাখ ২০ হাজার অভাবী আমেরিকান পুরো এক মাস খাবার পেতে পারতেন। ভ্যান্স বলেন, ‘ক্ষুধার্ত শিশুদের খাবারের জন্য তৈরি এই সরকারি তহবিল কোনো র‌্যাপারের বিলাসবহুল জীবন বা প্রাইভেট জেটে ঘোরার জন্য নয়।’
মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিগত কয়েক সপ্তাহে বিভিন্ন রাজ্যে এমন ৪০ জনেরও বেশি প্রতারকের বিরুদ্ধে মামলা করেছে। এদের মধ্যে কেউ কেউ ভুয়া ইবিটি কার্ডের মাধ্যমে প্রায় ৩০ মিলিয়ন ডলার জালিয়াতি করেছে, কেউ বা ফুড স্ট্যাম্পের টাকায় ব্ল্যাক মার্কেটে শিশুখাদ্য বিক্রি কিংবা মাদক কেনাবেচা চালিয়েছে। কর্মকর্তারা জানান, এসব প্রতারক করদাতাদের লাখ লাখ ডলার হাতিয়ে নেওয়ার পাশাপাশি প্রকৃত দুস্থ পরিবারগুলোকে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত করেছে।
 

শেয়ার করুন: