ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ব্যস্ততম জর্জ ওয়াশিংটন ব্রিজে পিক-আওয়ারে ঘটে যাওয়া এক রোডেরেজ (সড়কে বাকবিত-া) ও গুলিবর্ষণের ঘটনায় নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের এক অবসরপ্রাপ্ত গোয়েন্দাকে গ্রেফতার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় দুই সন্তানের জনক আরভিং নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিউ ইয়র্কের হ্যাভারস্ট্রয়ের বাসিন্দা ও ব্রুকলিন নর্থ নারকোটিক্সের সাবেক এই কর্মকর্তা পুলিশের কাছে নিজেকে শুটার হিসেবে স্বীকার করেছেন এবং তার ব্যবহৃত অস্ত্রটি তুলে দিয়েছেন। তদন্তকারীদের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগীর গাড়িটি পিছন থেকে অভিযুক্তের গাড়ির কাছাকাছি আসার পরই গাড়িটি হঠাৎ ঝাঁকুনি দেয়। ধারণা করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই গুলি চালানো হয়েছিল।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, একটিমাত্র গুলি ভুক্তভোগীর গাড়ির পিছনের কাচ ভেদ করে ডান কাঁধে বিদ্ধ হয় এবং গলার একপাশ দিয়ে বেরিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
অভিযুক্ত সাবেক ওই গোয়েন্দা ২০০১ সালে কাজ থেকে অবসর নেন। উল্লেখ্য, ২০০০ সালে নিজের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র ডাকাতির সময়ে ডাকাতদের সাথে বন্দুকযুদ্ধে জড়িয়ে তিনি সাহসিকতার সাথে প্রাণ বাঁচিয়ে ‘হিরো’ হিসেবে প্রশংসিত হয়েছিলেন।
অন্যদিকে, নিহত আরভিং ছিলেন দুই সন্তানের জনক ও পরিবারভক্ত এক মানুষ। তার স্বজনরা জানান, ‘তিনি পুরোপুরি পরিবারের জন্য বাঁচতেন, ঝামেলা এড়িয়ে চলতেন এবং সবাইকে হাসিখুশি রাখতে পছন্দ করতেন। এই মর্মান্তিক ঘটনার আকস্মিকতায় আমরা স্তব্ধ।’

















