শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ডেমোক্র্যাট প্রার্থীর  তহবিলে অনাবাসিক  সংস্থা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৬, ২৩ অক্টোবর ২০২৬

ডেমোক্র্যাট প্রার্থীর  তহবিলে অনাবাসিক  সংস্থা

ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কের লং আইল্যান্ডের একটি অলাভজনক সংস্থা এক ডেমোক্র্যাটিক রাজ্য আইনপ্রণেতার নির্বাচনী প্রচারণার জন্য অর্থ সংগ্রহের অনুষ্ঠান আয়োজন ও প্রচার করেছে, যা করমুক্ত সামাজিক সংস্থার জন্য প্রযোজ্য মার্কিন ফেডারেল আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ উঠেছে।

আইআরএস-এর ‘৫০১(সি)(৩)’ ধারায় নিবন্ধিত ‘লং আইল্যান্ড ইউথ ডেভেলপমেন্ট’ নামক সংস্থাটি গত ৩ অক্টোবর অ্যাসেম্বলি ওম্যান রেবেকা কাসেই-এর নির্বাচনী ক্যাম্পেইনের সমর্থনে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ড. ইয়ানপিং ইউ-এর নেতৃত্বাধীন এই সংস্থাটি তাদের সোশাল মিডিয়ায় ৫০ থেকে ৫০০ ডলার মূল্যের টিকিটের তথ্য ও কাসেই-এর নির্বাচনী তহবিলে অনুদানের লিঙ্ক প্রকাশ করে। কাসেই সম্প্রতি রাজ্য সরকারের একটি বড় অনুদান উক্ত সংস্থাকে পাইয়ে দিতে সহায়তা করেছিলেন।
মার্কিন ট্যাক্স আইন অনুযায়ী, কোনো ৫০১(সি)(৩) নিবন্ধিত সংস্থা রাজনৈতিক প্রার্থীর পক্ষে অর্থ সংগ্রহ বা প্রচারণায় অংশ নিতে পারে না; আইন অমান্য করলে তাদের করমুক্ত মর্যাদা বাতিল বা জরিমানার বিধান রয়েছে। এছাড়া সংস্থাটির আয়-ব্যয়ের হিসাব ও কাসেই-এর নির্বাচনী রাজ্য ম্যাচিং তহবিলের সুবিধা নেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে।
বিষয়টি সামনে আসার পর ইন্সটাগ্রাম পোস্টটি মুছে ফেলা হয়। কাসেই-এর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী উইল সাসম্যান এই ঘটনার পেছনে ‘অনুদানের বিনিময়ে করদাতাদের অর্থ বরাদ্দের’ অনিয়ম রয়েছে বলে অভিযোগ তুলে রাজ্য অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।
 

শেয়ার করুন: