ছবি: সংগৃহীত
নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে আশঙ্কাজনক হারে শিক্ষার্থী সংখ্যা কমতে থাকায় স্কুলগুলোকে একত্রীকরণের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন চ্যান্সেলর কামার স্যামুয়েলস। আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই গণশিক্ষা ব্যবস্থা থেকে প্রায় ১ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী কমে যেতে পারে বলে এক প্রাক্কলনে উঠে এসেছে।
জন্মহার হ্রাস, কঠোর অভিবাসন নীতি এবং বিকল্প বা প্রাইভেট স্কুলগুলোর সাথে প্রতিযোগিতার কারণে বিশ্বজুড়ে পাবলিক স্কুলগুলোতে শিক্ষার্থী কমছে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে নিউ ইয়র্কের পাবলিক স্কুলে যেখানে ১০ লাখের বেশি শিক্ষার্থী ছিল, ২০৩৪-৩৫ শিক্ষাবর্ষ নাগাদ তা প্রায় ২৯ শতাংশ কমে ৭ লাখ ২১ হাজারে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
স্কুলের রাজস্ব মূলত শিক্ষার্থী প্রতি হিসাব করা হয়। চ্যান্সেলর স্যামুয়েলস জানান, শিক্ষার্থী কম থাকলে স্কুলগুলো পরিচালনা করা কঠিন হয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ভালো মানের উন্নত পাঠ্যক্রম বা অতিরিক্ত সহশিক্ষা কার্যক্রমের সুযোগ থেকে বঞ্চিত হয়। তাই কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে একটি টেকসই ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে স্কুল মার্জ করা বা একই ভবনে একাধিক স্কুল স্থানান্তরের পরিকল্পনা চলছে।
এদিকে, সিটিতে ছোট শিশুদের নিয়ে পরিবারগুলোর অবস্থান ধরে রাখার প্রয়াসের অংশ হিসেবে দুই বছর বয়সীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

















