ছবি: সংগৃহীত
নিউ ইয়র্কের কুইন্সে অবস্থিত প্রায় ২০০ জন গৃহহীন প্রবীণ সামরিক সদস্যের আশ্রয়স্থল ‘বোর্ডেন অ্যাভিনিউ শেল্টার’-এর জরাজীর্ণ পরিবেশ ও ফেডারেল অনুদান বন্ধ হওয়া নিয়ে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
শেল্টারে থাকা সাবেক সৈনিকেরা প্লাস্টিকের ম্যাট্রেসে ঘুমানোর বাধ্যবাধকতা, ঘিঞ্জি পরিবেশ, নিরাপত্তার অভাব এবং ছাদ চুইয়ে পানি পড়ার মতো অবকাঠামোগত সমস্যার কথা জানিয়েছেন। বুধবার নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের এক তদারকি শুনানিতে এসব অভিযোগ তোলা হয়। সিটির ‘কমিটি অন ভেটেরানস’-এর প্রধান ফ্রাঙ্ক মোরানো জানান, সিটিতে গৃহহীন প্রবীণ সৈনিকের সংখ্যা বর্তমানে প্রায় ৭০০, যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বেশি।
এদিকে ইউএস ডিপার্টমেন্ট অব ভেটেরানস অ্যাফেয়ার্স-এর অনুদান শর্ত পরিবর্তনের কারণে সিটি প্রশাসন এই কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে। সামাজিক সেবা বিভাগের কমিশনার এরিন ডাল্টন জানান, অনুদানের নতুন শর্ত মানলে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী প্রবীণ সৈনিকদের আশ্রয় দেওয়া সম্ভব হতো না, যা সিটির বৈষম্যবিরোধী আইনের পরিপন্থী। ফলে বরাদ্দ আগের প্রায় ৪০ লাখ ডলার থেকে কমে ১৩ লাখ ডলারে নেমে আসায় সিটি নিজস্ব করের টাকায় আশ্রয়কেন্দ্রটি সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ডাল্টন জানান, সিটির খরচে বাথরুমের প্রাইভেসির জন্য পার্টিশন বসানো হবে এবং ছাদ মেরামতের জন্য ৪৩ লাখ ডলারের একটি বড় প্রকল্প শুরু হবে। তবে ভেটেরান অধিকার রক্ষা সংগঠনগুলোর আশঙ্কা, তহবিলের উৎস অনিশ্চিত হওয়ায় এসব উন্নয়নকাজ বিলম্বিত হতে পারে।

















