শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

আরজিবি অবৈধভাবে প্রভাবিত

বাড়িভাড়া স্থগিত নিয়ে বেকায়দায় মামমানি

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাড়িভাড়া স্থগিত নিয়ে বেকায়দায় মামমানি

ছবি সংগৃহীত

নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাড়িভাড়া স্থগিত নিশ্চিত করতে শক্তিশালী ‘রেন্ট গাইডলাইন্স বোর্ড’-কে (আরজিবি) অবৈধভাবে প্রভাবিত করেছেনÑ এমন অভিযোগে সিটি হলের কর্মকর্তাদের নিজেদের ইমেইল ও টেক্সট মেসেজগুলো প্রকাশ করতে হবে বলে বুধবার নির্দেশ দিয়েছেন এক বিচারক।

স্ট্যাটেন আইল্যান্ড জিপির (রিপাবলিকান পার্টি) সাবেক চেয়ারম্যান ও বিচারক ব্রেনড্যান ল্যান্ট্রি একটি নির্দিষ্ট সীমার মধ্যে এই অভ্যন্তরীণ যোগাযোগগুলো খতিয়ে দেখার আদেশ মঞ্জুর করেছেন। উদ্দেশ্য হলো, স্বাধীন বলে দাবি করা রেন্ট বোর্ডের সদস্যরা মামদানির টিমের সাথে গোপনে কোনো বেআইনি যোগসাজশ করেছিলেন কি না তা পরীক্ষা করে দেখা।
ল্যান্ট্রি তার রায়ে লেখেন, “স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে : মেয়র তার ভোটারদের দেওয়া বাড়িভাড়া স্থগিতের ‘গ্যারান্টি’ কীভাবে রক্ষা করবেন, যদি না তিনি বা তার স্টাফ সদস্যরা বোর্ডের সাথে যোগাযোগ করে নিশ্চিত করেন যে, বোর্ড কোনো প্রকার ভাড়া বাড়াবে না?”
গত জুন মাসে বোর্ডের সদস্যরা নিউ ইয়র্ক সিটির প্রায় ১০ লাখ ভাড়া-নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের এক ও দুই বছর মেয়াদী চুক্তির ওপর ভাড়া স্থগিতের প্রস্তাব পাস করেন। এই সিদ্ধান্ত মামদানিকে তাঁর সমাজতান্ত্রিক এজেন্ডায় একটি বড় ধরনের জয়ের সুযোগ করে দিলেও, ভোটের ফলাফল আগে থেকেই সাজানো ছিল বলে কঠোর অভিযোগের জন্ম দেয়।
মামদানি এই স্বাধীন বোর্ডে তার অনুগত ভাড়াটিয়া অধিকারকর্মীদের বসিয়েছেনÑ এমন অভিযোগ উঠতেই নগরীর বাড়িওয়ালাদের একটি জোট এই ভোটের বিরুদ্ধে দ্রুত আইনি চ্যালেঞ্জ বজায় রাখে।
বাড়িভাড়ার এ সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করা বাড়িওয়ালারা সিটি হলের আরও বিপুল সংখ্যক বার্তার বিষয়ে তল্লাশি চালানোর অনুমতি চেয়েছিলেন। সে তুলনায় আদালতের আদেশটি একটি নির্দিষ্ট সীমার মধ্যে হলেও, যারা রেন্ট গাইডলাইন্স বোর্ডের ভোটের তদন্ত চাইছিলেন, সেই সমালোচকদের জন্য এটি একটি বড় জয়।
আরজিবির সাথে সিটি হলের যোগাযোগের তথ্য প্রকাশের এই নির্দেশনার আওতায় মেয়রের ‘মাস এনগেজমেন্ট’ কার্যালয়, ‘প্রোটেক্ট টেন্যান্টস’ কার্যালয় এবং ‘ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট’ কার্যালয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
তবে এই নির্দেশের বাইরে রাখা হয়েছে মামদানি ও তার স্টাফদের নিজেদের মধ্যকার ব্যক্তিগত যোগাযোগ এবং আরজিবির অভ্যন্তরীণ বার্তাগুলো।
এ বিষয়ে পরবর্তী পর্যালোচনার (ডিসকভারি কনফারেন্স) জন্য ২১ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
 

শেয়ার করুন: