নিউইয়র্ক অঙ্গরাজ্যে বিদ্যুৎ ও গ্যাসের বিল কমানোর সুবিধা পাওয়ার যোগ্য পরিবারের সংখ্যা বেড়ে প্রায় ২৫ লাখে দাঁড়িয়েছে। গভর্নর ক্যাথি হোকুল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
নিউইয়র্ক অঙ্গরাজ্যে বিদ্যুৎ ও গ্যাসের বিল কমানোর সুবিধা পাওয়ার যোগ্য পরিবারের সংখ্যা বেড়ে প্রায় ২৫ লাখে দাঁড়িয়েছে। গভর্নর ক্যাথি হোকুল মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
অঙ্গরাজ্যের জ্বালানি সাশ্রয়ী সহায়তা কর্মসূচির আওতায় বর্তমানে প্রায় ১০ লাখ নিউইয়র্কবাসী সুবিধা পাচ্ছেন। চলতি বছরের জানুয়ারিতে নতুন যোগ্যতার নিয়ম কার্যকর হওয়ার পর আরও অনেক পরিবার এই মাসিক ছাড় পাওয়ার সুযোগ পাচ্ছে। বাড়ির মালিক ও ভাড়াটিয়াÑউভয়েই আবেদন করতে পারবেন।
নিউইয়র্ক সিটিতে দুই সদস্যের একটি পরিবারের বার্ষিক আয় ১ লাখ ২৯ হাজার ৬০০ ডলারের কম হলে কন এডিসন ও ন্যাশনাল গ্রিডের মাধ্যমে এই ছাড় পাওয়ার যোগ্যতা তৈরি হতে পারে। চার সদস্যের পরিবারের ক্ষেত্রে আয়ের সীমা ১ লাখ ৬২ হাজার ডলার।
লং আইল্যান্ডে আয়ের সীমা কিছুটা বেশি হলেও অঙ্গরাজ্যের অন্যান্য এলাকায় যোগ্যতার আয়সীমা তুলনামূলক কম। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ও পরিবারের আয়ের ওপর ভিত্তি করে ছাড়ের পরিমাণ ভিন্ন হবে। বছরে সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত বিল কমতে পারে।
তবে যোগ্য হলেই স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধা পাওয়া যাবে না। নিউইয়র্কবাসীকে আবেদন করতে হবে। যারা ইতোমধ্যে খাদ্য সহায়তা, মেডিকেইডসহ বিভিন্ন সরকারি সুবিধা পাচ্ছেন, তারাও এই কর্মসূচির জন্য যোগ্য হতে পারেন; তাদেরও আলাদাভাবে আবেদন করতে হবে।
এদিকে চলতি শরতে নিউইয়র্কবাসীর জন্য এককালীন বিদ্যুৎ বিল সহায়তাও দেওয়া হচ্ছে। গভর্নর হোকুল জানিয়েছেন, অঙ্গরাজ্যের প্রায় ৮২ লাখ পরিবারকে ২০০ ডলার করে এককালীন বিদ্যুৎ বিলের রিবেট পাঠানো হবে।
ফলে নিয়মিত মাসিক ছাড়ের পাশাপাশি এই এককালীন অর্থও উচ্চ জ্বালানি ব্যয়ে চাপে থাকা নিউইয়র্কের পরিবারগুলোর জন্য কিছুটা স্বস্তি দিতে পারে।

















