ছবি সংগৃহীত
নিউইয়র্কের ব্রুকলিনের বরো পার্ক এলাকায় একটি ইহুদি উপাসনালয়ের ভেতরে ১৬ বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাতের ঘটনায় ২২ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে ৫৪তম স্ট্রিটের ওই উপাসনালয়ে ইহুদি ধর্মাবলম্বীরা ধর্মীয় বিশেষ দিন উপলক্ষে সমবেত হওয়ার সময় হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে উপাসনালয়ে মানসিকভাবে অসুস্থ বা অস্বাভাবিক আচরণ করা এক ব্যক্তিকে নিয়ে জরুরি সহায়তার ফোন আসে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে, ২২ বছর বয়সী এক ব্যক্তি ছুরি দিয়ে ১৬ বছর বয়সী এক উপাসককে হাতের ওপর আঘাত করে জখম করেছেন।
আহত কিশোরকে ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা দেওয়া হয়। তার আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশ অভিযুক্ত হিসেবে ২২ বছর বয়সী ক্রাইবাস শিমনকে শনাক্ত করেছে। তাকে গ্রেফতার করে হামলা, বেপরোয়া বিপদ সৃষ্টি এবং অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটিকে বিদ্বেষপ্রসূত অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে না।
ধর্মীয় সমাবেশ চলাকালে উপাসনালয়ের ভেতরে এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ হামলার উদ্দেশ্য এবং ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট খতিয়ে দেখছে।

















