শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

এগুলো বসানো হয়েছিল ১৯৯৯ সালে

নিলামে উঠছে নিউইয়র্কের ‘মেট্রোকার্ড ভেন্ডিং মেশিন’

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২০:০৪, ২১ আগস্ট ২০২৬

নিলামে উঠছে নিউইয়র্কের ‘মেট্রোকার্ড ভেন্ডিং মেশিন’

ছবি সংগৃহীত

নিউ ইয়র্ক সিটির ইতিহাস ও স্মৃতির একটি অংশ এবার উঠছে সর্বোচ্চ দরদাতার নিলামে। রকমারি রঙের এই ধাতব ‘মেট্রোকার্ড ভেন্ডিং মেশিন’গুলো প্রথম ১৯৯৯ সালে বসানো হয়েছিল, যা নগরীর পাতালরেলে যাতায়াতের ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল।

তবে বর্তমানের ডিজিটাল ‘ট্যাপ-অ্যান্ড-গো’ ব্যবস্থার যুগে এই ১,০৫০ পাউন্ড ওজনের বড় মেশিন এবং ২১০ পাউন্ডের ছোট ‘এক্সপ্রেস মেশিন’-এর ব্যবহার ফুরিয়েছে। ফলে ‘নিউ ইয়র্ক সিটি ট্রানজিট’ সীমিত সংখ্যক কিছু মেশিন নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে।
নিলামে অংশগ্রহণ করার সর্বনি¤œ দর ধরা হয়েছে ১,৫০০ ডলার। অনলাইনে ফরম পূরণের পাশাপাশি বিজয়ী হলে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করা এবং ১০ দিনের মধ্যে মেশিন নিজ দায়িত্বে নিয়ে যাওয়ার শর্ত দেওয়া হয়েছে। নিলামে ওঠা এসব মেশিন থেকে যাবতীয় ইলেকট্রনিক ও পেমেন্ট প্রসেসিং যন্ত্রাংশ সরিয়ে ফেলা হয়েছে।
পাশাপাশি কিছু আনুষঙ্গিক জিনিসও আলাদাভাবে বিক্রি করা হচ্ছে। যেমন, ২৫০ ডলারে ৭৫০টি একবার ব্যবহারযোগ্য মেট্রোকার্ডের রোল, ১০০ ডলারে ব্রেইল সাইনবোর্ড এবং ২৭৫ ডলারে সার্কিট বোর্ড।
নিউ ইয়র্কের অনেক বাসিন্দা এই উদ্যোগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কারো কারো মতে, বর্তমান স্পর্শহীন প্রযুক্তির যুগে স্মৃতিচিহ্ন হিসেবে ঘরে বা ব্যক্তিগত সংগ্রহে রাখার জন্য এটি বেশ চমকপ্রদ এক বস্তু। তবে স্থানসংকুলানের জটিলতার কারণে অনেকেই মনে করছেন, ব্যক্তিগত ব্যবহারের বদলে এসব মেশিনের স্থান কোনো জাদুঘরে হওয়াই বেশি যুক্তিযুক্ত।
 

শেয়ার করুন: