শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নজরদারি বাড়ানোর ঘোষণা 

‘লেবার ডে উইক্যান্ডে’ বাড়ছে পুলিশ টহল 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৫, ২১ আগস্ট ২০২৬

‘লেবার ডে উইক্যান্ডে’ বাড়ছে পুলিশ টহল 

ছবি সংগৃহীত

আসন্ন ‘লেবার ডে’ ছুটি ও গ্রীষ্মের শেষমুহূর্ত উদযাপনকে কেন্দ্র করে মদ্যপ, মাদকাসক্ত এবং বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য সরকার। জাতীয় ‘ড্রাইভ সোবার অর গেট পুলড ওভার’ (সুস্থ মস্তিষ্কে গাড়ি চালান, নয়তো ধরা পড়ুন) অভিযানের আওতায় ১৯ আগস্ট থেকে শুরু হয়ে আগামী ৭ সেপ্টেম্বর সোমবার (লেবার ডে) পর্যন্ত সড়কে বিশেষ নজরদারি ও টহল বজায় থাকবে।

রাজ্যের গভর্নর ক্যাথি হোকুল ঘোষণা দিয়েছেন, নিউ ইয়র্ক স্টেট পুলিশ, কাউন্টি শেরিফ অফিস এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী একযোগে সড়কে অতিরিক্ত টহল ও চেকপোস্ট পরিচালনা করবে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মদ্যপ বা নিয়ম ভেঙে গাড়ি চালানোর বিষয়ে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে।
গাড়ি চালকদের আইন অমান্য করার ঘটনাগুলো সহজে শনাক্ত করতে সাধারণ পুলিশি টহল গাড়ির পাশাপাশি ছদ্মবেশী বা পরিচয় গোপন রাখা বিশেষ গাড়িও ব্যবহার করা হবে। এসব গাড়ি বাইরে থেকে সাধারণ গাড়ির মতো মনে হলেও জরুরি আলো জ্বালানো মাত্রই পুলিশি যান হিসেবে কাজ করবে। উল্লেখ্য, গত বছরের (২০২৫) একই অভিযানে রাজ্যজুড়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য ৪,১২৫ জনকে গ্রেফতারসহ মোট ১,৩১,২৪৫টি মামলা ও জরিমানা করা হয়েছিল।
মোটর ভেহিকলস ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত কমিশনার ক্রিস্টিয়ান জ্যাকস্টাড, স্টেট পুলিশ সুপারিনটেনডেন্ট স্টিভেন জি জেমস এবং শেরিফ অ্যাসোসিয়েশনের সভাপতি হুয়ান ফিগেরোয়া সাধারণ মানুষকে সুরক্ষিতভাবে যাতায়াত করতে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।
বাড়তি সতর্কতা হিসেবে মদ্যপ অবস্থায় চালক না হয়ে নিরাপদে বাড়ি ফেরার জন্য প্রশাসনকে সহায়তাকারী একটি বিনামূল্যে ব্যবহারযোগ্য মোবাইল অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সড়কে থেমে থাকা বা আপৎকালীন সহায়তায় নিয়োজিত যেকোনো গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গতি কমানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার ‘মুভ ওভার ল’ কঠোরভাবে মেনে চলার জন্য চালকদের নির্দেশ দেওয়া হয়েছে।
 

শেয়ার করুন: