ছবি সংগৃহীত
রেডিও সফটওয়্যারের ত্রুটির কারণে বিশ্বজুড়ে প্রায় ১০ লাখ গাড়ি ফেরত তলব (রিকল) করার ঘোষণা দিয়েছে ক্রাইসলারের মূল প্রতিষ্ঠান স্টেলান্টিস। এই সফটওয়্যার জটিলতার কারণে ব্যাক করার সময় রিয়ারভিউ ক্যামেরার ছবি ডিসপ্লেতে ঠিকমতো দেখতে সমস্যা হতে পারে।
এই সিদ্ধান্ত দ্বারা ক্রাইসলার, জিপ, ডজ এবং র্যামের প্রায় ৯ লাখ ৫৫ হাজার গাড়ি প্রভাবিত হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই রয়েছে ৮ লাখ ৪৮ হাজারের বেশি গাড়ি, যার মধ্যে ২০২৬ ও ২০২৭ মডেলের ক্রাইসলার প্যাসিফিকা, ডজ চার্জার, জিপ গ্র্যান্ড চেরোকি, র্যাংলার এবং র্যাম ১৫০০-এর মতো জনপ্রিয় মডেলগুলো অন্তর্ভুক্ত। এছাড়া কানাডা, মেক্সিকোসহ উত্তর আমেরিকার বাইরের দেশগুলোতে প্রায় ১ লাখ ৭ হাজার গাড়ি ফেরত নেওয়া হচ্ছে।
স্টেলান্টিস জানিয়েছে, রিয়ারভিউ ক্যামেরা সঠিকভাবে কাজ না করা পর্যন্ত চালকদের গাড়ি পেছানোর সময় লুকিং ও সাইড মিরর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। কোম্পানিটি আরো জানায়, এই ত্রুটির কারণে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ত্রুটি সমাধানের জন্য গাড়ি মালিকদের মিডিয়া স্ক্রিনে একটি ‘ওভার-দ্য-এয়ার’ রেডিও সফটওয়্যার আপডেটের পপ-আপ পাঠানো হবে। পাশাপাশি আগামী মাস থেকে পর্যায়ক্রমে মালিকদের চিঠির মাধ্যমেও প্রয়োজনীয় নির্দেশনা জানানো হবে।

















