শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বড় ধরনের দুর্নীতি ফাঁস হয়েছে

মেডিকেয়ারে ডেমোক্র্যাট  স্টাইল কেলেঙ্কারি!

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০১:২২, ১৫ আগস্ট ২০২৬

মেডিকেয়ারে ডেমোক্র্যাট  স্টাইল কেলেঙ্কারি!

ছবি: সংগৃহীত

মেডিকেয়ারে বড় ধরনের দুর্নীতি ফাঁস হয়েছে। পার্টিকে অনুদানের বিনিময়ে মেডিকেয়ার থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার কেলেঙ্কারির কথা জানা যাচ্ছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলসহ ডেমোক্র্যাটিক পার্টির বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদ জালিয়াতি-প্রবণ সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারগুলো থেকে মোটা অঙ্কের নির্বাচনী অনুদান পেয়েছেন। অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, কুইন্সের ফ্ল্যাশিং এলাকার এসব প্রতিষ্ঠান খালি পড়ে থাকলেও মেডিকেড (সরকারি স্বাস্থ্য তহবিল) থেকে কোটি কোটি ডলার তুলে নিয়েছে।

গভর্নর হোকুল ফ্ল্যাশিংয়ের এসব ডে কেয়ার থেকে ৫৫ হাজার ডলার চাঁদা পেয়েছেন। এই অনুদানের প্রায় অর্ধেকই এসেছে দুই প্রভাবশালী ব্যবসায়ী, বাওলি ঝাং ও জিয়েমিন শ্যাংয়ের কেন্দ্র থেকে। দ্য পোস্টের সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, তাদের সবচেয়ে বড় দুটি প্রতিষ্ঠান ‘বাও কাং’ ও ‘লিভিংওয়েল’ পুরোপুরি ফাঁকা এবং সেখানে কোনো বয়স্ক রোগী উপস্থিত ছিলেন না।
মেডিকেড বিলিং ও অনুদানের হিসাব
বাওলি ঝাংসহ ব্যবসা : বেইজিংয়ের সাবেক শিশু প্রতিভাবান ও বিশ্বখ্যাত ‘এরহু’ (এক ধরণের চীনা বাদ্যযন্ত্র) শিল্পী ঝাং নিজে ১০ হাজার ডলার এবং তার প্রতিষ্ঠান ‘বাও কাং’-এর নামে ৫ হাজার ডলার অনুদান দেন। ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে তাঁর বিভিন্ন প্রতিষ্ঠান মেডিকেড থেকে ৩ কোটি ২০ লাখ (৩২ মিলিয়ন ডলার) ডলারেরও বেশি বিল করেছে। এছাড়া চায়নাটাউনের ‘কনফুসিয়াস’ ডে কেয়ার ১ কোটি ৫৭ লাখ ডলার বিল করেছে।
বিপুল আয়ের বিস্ফোরণ : ২০১৮ সালে যেখানে ‘লিভিংওয়েল’ ১ লাখ ১৪ হাজার ডলার বিল করেছিল, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ৮০ লাখ ৫০ হাজার ডলারে। একইভাবে ‘বাও কাং’ ১৫ লাখ ডলার থেকে বেড়ে ৭২ লাখ ২০ হাজার ডলারে পৌঁছেছে।
গভর্নরকে মোটা চাঁদা : নিউ ইয়র্কের প্রায় ৪০০টি এসএডিসির মধ্যে যে ৯টি প্রতিষ্ঠান ২০২২ সালে হোকুলকে ৫ হাজার ডলারের বেশি অনুদান দিয়েছিল, কেবল তারাই ওই বছর মেডিকেড থেকে মোট ৪ কোটি ৯০ লাখ ডলার দাবি করে।
প্রতিবেদনে বলা হয়, এসব প্রতিষ্ঠান না থাকা বয়স্কদের নামে টাকা দাবি করে এবং অনেক সময় সরকারি অর্থ থেকে রোগীদের বেআইনি ‘কিকব্যাক’ বা ঘুষ প্রদান করে। শুধু তহবিল নয়, স্থানীয় রাজনীতিবিদরা এসব কেন্দ্রকে দলীয় প্রাথমিক নির্বাচনে বড় আকারের ‘ভোট ব্যাংক’ হিসেবে ব্যবহার করেন।
ঝাং কেবল গভর্নরকেই নয়, ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান গ্রেস মেংকে ৭,৮০০ ডলার এবং স্টেট সেনেটর জন লিউকে ৪,৯৫০০ ডলার চাঁদা দিয়েছেন। সরকারি নথিতে জালিয়াতি ঢাকতে মালিকানার তথ্যে অসংগতি রাখারও প্রমাণ মিলেছে।
নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ জানিয়েছে, ২০২১ সাল থেকে তারা ৩৮৭টি ডে কেয়ারকে তদন্তের জন্য পাঠিয়েছে, যার এক-তৃতীয়াংশ আইনি ব্যবস্থার জন্য অ্যাটর্নি জেনারেলের দফতরে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে গভর্নর হোকুলের মুখপাত্র বলেন, ‘গভর্নর জালিয়াতি ও অপচয় রোধে কঠোর ব্যবস্থা নিয়েছেন। কোনো প্রতিষ্ঠান আইন ভাঙলে ছাড় পাবে না। রাজনৈতিক অনুদান সরকারি সিদ্ধান্তে প্রভাব ফেলে না।’
অন্যদিকে সিনেটর জন লিউ বলেন, ঝাংকে দীর্ঘদিনের সম্মানিত সামাজিক নেতা হিসেবে আখ্যা দিয়ে বলেন, ‘কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলে তার পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার হওয়া উচিত।’
বাওলি ঝাং বা জিয়েমিন শ্যাংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি, আর দ্য পোস্টের মন্তব্যের আবেদনেও তারা কোনো সাড়া দেননি।
 

শেয়ার করুন: