শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ক্ষুব্ধ চালকদের মেয়র 

‘পাগলামি’ আখ্যা  মামদানির  সিদ্ধান্তকে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০১:১৭, ১৫ আগস্ট ২০২৬

‘পাগলামি’ আখ্যা  মামদানির  সিদ্ধান্তকে

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির বাস চলাচল দ্রুতগতির করতে ব্রঙ্কসের ইস্ট ট্রিমন্ট অ্যাভিনিউয়ের একটি বড় অংশে সাধারণ গাড়ি চলাচল নিষিদ্ধ করার পরিকল্পনা করেছেন মেয়র জোহরান মামদানি। তবে সরকারের এই সিদ্ধান্তকে ‘পাগলামি’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গাড়ির চালক ও ব্যবসায়ীরা।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ৬ মাইল দীর্ঘ এই করিডোরের নির্দিষ্ট কিছু অংশে সাধারণ গাড়ি চলাচল নিষিদ্ধ থাকবে। তবে বড় ট্রাক, প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভ্যান এবং জরুরি সেবার গাড়ি ছাড় পাবে।
ইস্টবাউন্ড বাসগুলোর জন্য থার্ড অ্যাভিনিউ থেকে সাউদার্ন বুলেভার্ড (প্রায় ১০ ব্লক) এবং ওয়েস্টবাউন্ড বাসের জন্য সাউদার্ন বুলেভার্ড থেকে বেলমন্ট অ্যাভিনিউ (প্রায় ৩ ব্লক) পর্যন্ত এই পথ নির্ধারিত থাকবে। সিটির দাবি, এতে ইী৩৬ বাসের গতি ৬০% পর্যন্ত বাড়বে এবং যাত্রীদের প্রতিটি ট্রিপে অন্তত ৬ মিনিট সময় বাঁচবে। পাশাপাশি পথচারী ও সাইকেল চালকদের নিরাপত্তা নিশ্চিত হবে।
ইস্ট ট্রিমন্ট অ্যাভিনিউয়ের ‘চন বারবারশপ’-এর মালিক জুলিও মার্টিনেজ (৩৮) জানান, তিনি ও তাঁর গ্রাহকেরা দোকানের সামনেই গাড়ি পার্ক করেন। গাড়ি বন্ধ হলে কেউ আর চুল কাটতে আসবে না এবং ব্যবসায় ধস নামবে।
অন্যদিকে জন বিউথার (৭৯) নামের এক বাসযাত্রীও পরিকল্পনাটিকে ‘পাগলামি’ উল্লেখ করে বলেন, এই সড়কের বাস এমনিতেই বেশ দ্রুত চলে।
সাবেক মেয়র এরিক অ্যাডামসের প্রশাসন ২০২৫ সালে স্থানীয় জনগণের পর্যাপ্ত সমর্থন না থাকায় প্রকল্পটিকে স্থগিত করেছিল। কিন্তু মামদানি আবার তা চালু করছেন।
ট্রানজিট অ্যাডভোকেসি গ্রুপ ‘প্যাসেঞ্জার্স ইউনাইটেড’-এর ভাইস চেয়ারম্যান ও সাবেক এমটিএ বাস প্ল্যানার অ্যালান রোসেন সিটি কর্তৃপক্ষের প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেন। তিনি জানান, ২০১৬ সালেও উডহেভেন বুলেভার্ডে বাস ৩০% দ্রুতগতির করার প্রতিশ্রুতি দিয়ে উল্টা বাসের গতি কমিয়ে দেওয়া হয়েছিল।
সংবাদ সম্মেলনে মেয়র মামদানি অভিযোগ করেন, বাসের লেনে ঢোকা চালকেরা ইচ্ছা করেই বাসের গতি কমিয়ে দেন। তিনি স্বয়ংক্রিয় ক্যামেরা প্রোগ্রামের মাধ্যমে চালকদের জরিমানার আওতায় আনার ঘোষণা দেন।
এর আগে ব্রুকলিনে বাস স্টপেজ কমিয়ে গতি বাড়ানোর পরিকল্পনা এবং ফোর্ডহ্যাম রোডের বাসের নকশা পরিবর্তন নিয়ে স্থানীয় রাজনীতিবিদদের ভয়াবহ তোপের মুখে পড়েছিলেন মামদানি।
উল্লেখ্য, ‘বাসওয়ে’ হলো এমন একটি বিশেষ রাস্তা যেখানে বাস সোজা চলে যেতে পারে, আর সাধারণ গাড়িগুলো কেবল স্থানীয় কোনো নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য সাময়িকভাবে ঢোকার পর পরই পাশের রাস্তায় মোড় নিতে বাধ্য থাকে।
 

শেয়ার করুন: