ছবি: সংগৃহীত
লাইসেন্স বাতিল হওয়ার পরও অবৈধভাবে ড্রাইভিং স্কুল পরিচালনা করার অভিযোগে অ্যালবানি কাউন্টির এক মালিকের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তির নাম চার্লস ডি. লানজা (৫৪)। তিনি ‘লার্ন টু ড্রাইভ স্কুল ইনকর্পোরেটেড’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন। গত ২০২৫ সালের মার্চ মাসে প্রশাসনিক শুনানির পর প্রতিষ্ঠানটির ড্রাইভিং স্কুল লাইসেন্স বাতিল করা হয়। তা সত্ত্বেও লানজা বেআইনিভাবে স্কুলটি চালিয়ে আসছিলেন। ধরা পড়া এড়াতে তিনি শিক্ষার্থীদের ড্রাইভিং টেস্টের জায়গায় গিয়ে মিথ্যা বলার পরামর্শ দিতেন যে, তারা তার স্কুলের কাছে কোনো শিক্ষা নেয়নি। এমনকি তার ওয়েবসাইটটিতেও মিথ্যা তথ্য দিয়ে দাবি করা হচ্ছিল যে স্কুলটি সরকারি অনুমোদিত।
শিক্ষার্থীরা জানিয়েছে, ভুয়া ড্রাইভিং স্কুলটির প্রতারণামূলক কর্মকা-ে তারা নিরাপত্তাহীনতায় ভুগেছে। লানজার বিরুদ্ধে প্রধান অভিযোগগুলো হলো-
অপরিচিত গাড়ি ও নতুন নতুন ট্রেইনার দিয়ে শিক্ষার্থীদের টেস্টের জায়গায় নিয়ে যাওয়া, ক্লাস বা শিক্ষা না দিয়েই টাকা রেখে দেওয়া, ফিটনেস বা ফিটনেস সার্টিফিকেট না থাকা বিপজ্জনক গাড়িতে ড্রাইভ করতে দেওয়া. ড্রাইভিং শিখতে আসা শিক্ষার্থীদের গাড়ি চালনার ফাঁকে অপরিচিত মানুষদের আনা-নেওয়া বা আনাগোনায় ব্যবহার করা।
অ্যালবানি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় মামলাটি পরিচালনা করছে। লানজার বিরুদ্ধে দুই আদালতে মোট ১১টি অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে। অ্যালবানি সিটি ক্রিমিনাল কোর্টে ৩টি লাইসেন্সহীন ড্রাইভিং স্কুল পরিচালনা ও ২ টি লাইসেন্স ছাড়া ট্রেইনার হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে। বেথলেহেম টাউন জাস্টিস কোর্টে ৩টি লাইসেন্সহীন স্কুল পরিচালনা ও ৩টি লাইসেন্স ছাড়া ট্রেইনার হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে।
নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেলস-এর ভারপ্রাপ্ত কমিশনার ক্রিস্টিয়ান জ্যাকস্ট্যাড জানান, জনগণকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া বেআইনি চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, অসাধু বা অনুমোদনহীন কোনো প্রতিষ্ঠান থেকে নেওয়া ড্রাইভিং ক্লাসের সার্টিফিকেট ডিএমভি গ্রহণ করবে না। লাইসেন্সপ্রাপ্ত বৈধ স্কুল খুঁজে পেতে গ্রাহকদের ডিএমভির অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

















