শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

এমটিএ কর্তৃপক্ষের দাবী

মামদানির কারণে কমছে  বাসের বৈধ যাত্রী! যাত্রীর সংখ্যা  কমেছে ৭.৭%

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৪, ৩১ জুলাই ২০২৬

মামদানির কারণে কমছে  বাসের বৈধ যাত্রী! যাত্রীর সংখ্যা  কমেছে ৭.৭%

ছবি: সংগৃহীত

মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির (এমটিএ) সিইও জেনো লিবার জুন মাসে ভাড়া পরিশোধকারী যাত্রীর সংখ্যা ৭.৭% কমে যাওয়ার জন্য মেয়র জোহরান মামদানির ‘বিনামূল্যে বাস’-এর প্রতিশ্রুতিকে দায়ী করেছেন। তার মতে, এই প্রচারণার ফলে বিনা ভাড়ায় যাতায়াতের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

বুধবার এমটিএ বোর্ডের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিবার অবশ্য সরাসরি মামদানির নাম নেননি। তবে বিনা ভাড়ায় ভ্রমণের প্রতিশ্রুতিতে উৎসাহিত হয়ে যেসব যাত্রী ভাড়া ফাঁকি দিচ্ছেন, তাদের সমালোচনা করে তিনি বলেন, ‘অর্থ প্রদানকারী যাত্রী কমে যাওয়াটাই হলো ভাড়া ফাঁকি দেওয়ার আসল চিত্র।’
লিবার বলেন, ‘একটি নতুন প্রবণতা শুরু হয়েছে। কারো প্রতি বিদ্বেষ রেখে বলছি না, তবে বিনামূল্যে বাস চালানোর এই সব মুখরোচক কথাবার্তার একটি বাস্তব প্রভাব রয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমি কাউকে দোষ দিচ্ছি না, কিংবা কাউকে চুপ করতেও বলছি না। কিন্তু আমাদের এ নিয়মটি আবার পুনর্বহাল করতে হবে।’
এমটিএ-র নথিপত্র অনুযায়ী, ২০২৬ সালের অন্তত তিন মাসে গত বছরের তুলনায় ভাড়া পরিশোধকারী মাসিক যাত্রীর সংখ্যা কমেছে (ফেব্রুয়ারি থেকে এপ্রিলের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি)। নথিতে দেখা যায়, জানুয়ারি মাসে কর্মদিবসে গড়ে ১২.১ লাখ যাত্রী ভাড়া দিয়ে যাতায়াত করেছেন, যা ২০২৫ সালের তুলনায় ৮.১% কম।
নথি অনুসারে, গত বছরের জুনের (১৩.২ লাখ যাত্রী) তুলনায় এ বছরের জুনে ভাড়া দিয়ে চড়া যাত্রীর সংখ্যা কমেছে ৭.৭%। অন্যদিকে, মে মাসে এই পতনের হার ছিল আরো বেশি, ১০.৪%।
লিবারের মতে, সোশ্যাল মিডিয়া-কেন্দ্রিক এই সমাজতান্ত্রিক নেতা গত বছর তার নির্বাচনী প্রচারণায় যে ‘ফ্রি বাস’-এর আশ্বাস দিয়েছিলেন, তা সাধারণ যাত্রীদের মনে এই ধারণা তৈরি করেছে যে, বাসের ভাড়া না দিলেও চলে। তিনি যাত্রীদের উদ্দেশে ভাড়া পরিশোধ করার আহ্বান জানিয়ে ইঙ্গিত দেন, ভাড়া ফাঁকি দেওয়া সবাই কিন্তু ৩ ডলার দেওয়ার সামর্থ্যহীন বা অসচ্ছল লোক নন।
এমটিএ চেয়ারম্যান জ্যেনো লিবার বারবার জোর দিয়ে বলেছেন, সব বাস বিনামূল্যে করে দেওয়া অসম্ভব ব্যয়বহুল। রাজ্য নিয়ন্ত্রিত সংস্থা এমটিএ-র পক্ষে এই বিশাল আর্থিক ক্ষতি সহ্য করা সম্ভব নয়।
মামদানি তার প্রচারণায় ‘দ্রুত ও বিনামূল্যে বাস’ সেবাকে মূল হাতিয়ার করেছিলেন, যা নিউ ইয়র্ক সিটিতে তার উদারনৈতিক রাজনৈতিক এজেন্ডার মূল প্রতীক হয়ে ওঠে।
চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে মেয়র) মামদানি তার এই পরিকল্পনার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি ২০২৩ সালে এমটিএর নিজস্ব পরীক্ষামূলক প্রকল্পের উদাহরণ টেনে আনেন, যেখানে পাঁচটি রুটে বিনামূল্যে বাস সেবা চালু করে সফলতা পাওয়া গিয়েছিল বলে তিনি দাবি করেন।
তবে এমটিএ কর্মকর্তারা জানিয়েছেন, ওই পাঁচটি রুটে বিনামূল্যে বাস চালুর কারণে সংস্থাটির রাজস্ব ক্ষতি হয়েছিল ১৬.৫ মিলিয়ন (১ কোটি ৬৫ লাখ) ডলারের বেশি।
মামদানির প্রচারণায় বিনামূল্যে বাস সেবার সুবিধা হিসেবে কার্বন নিঃসরণ কমানোর কথা বলা হলেও, এমটিএর নিজস্ব পর্যালোচনায় দেখা গেছে, এই সুবিধার ফলে ব্যক্তিগত গাড়ি ছেড়ে গণপরিবহনে আসার বদলে মূলত নিয়মিত বাস যাত্রীরাই বেশি যাতায়াত করেছেন।
ইন্ডিপেন্ডেন্ট বাজেট অফিসের হিসাব অনুযায়ী, মামদানির এই বিনামূল্যে বাস সেবার পরিকল্পনা বাস্তবায়ন করতে খরচ হবে প্রায় ১.১ বিলিয়ন ডলার।
 

শেয়ার করুন: