ছবি: সংগৃহীত
নি ইয়র্ক নিক্স ২০২৬ সালের এনবিএ ফাইনালে ঐতিহাসিক জয় পাওয়ার পর এক বিশেষ ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোচুল। তিনি জানান, ২০২৬-২৭ মৌসুমে নিক্স যখন চ্যাম্পিয়ন দল হিসেবে মাঠে নামবে, তখন তাদের সম্মান জানাতে ৩৪ নম্বর স্ট্রিট এবং ৮ম অ্যাভিনিউতে অবস্থিত সাবওয়ের (পাতাল রেল) সেই জনপ্রিয় ‘কমলা ও নীল’ রঙে রাঙানো প্রবেশপথটি এভাবেই সংরক্ষণ করবে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি।
এনবিএ ফাইনাল শুরু হওয়ার আগেই, ৩৪ স্ট্রিট-পেন স্টেশন এ, সি, ই সাবওয়ে স্টেশনের দক্ষিণ-পূর্ব ৩৪ নম্বর স্ট্রিটের প্রবেশপথটি নিক্স দলের প্রতীকী রঙ কমলা এবং নীল রঙে সাজানো হয়েছিল। এমনকি সেখানকার প্রবেশপথের গোল বাতিগুলোকে দেখতে হুবহু বাস্কেটবলের মতো করে রাঙানো হয়েছিল। অল্প সময়ের মধ্যেই এ প্রবেশপথটি নিউ ইয়র্ক সিটির একটি অনানুষ্ঠানিক দর্শনীয় স্থানে পরিণত হয়। খেলা দেখতে বা উৎসব করতে যাওয়ার পথে সমর্থকেরা এখানে ভিড় জমাতেন এবং এটি নিজেই ভক্তদের কাছে একটি আকর্ষণীয় কেন্দ্র হয়ে ওঠে।
গভর্নর হোচুল বলেন, “দীর্ঘ ৫৩ বছর পর নিক্স আবারো এনবিএ চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের শহরের জন্য এই ঐতিহাসিক অর্জন উদযাপনে পুরো নিউ ইয়র্ক সিটি আজ যেভাবে এক সুতোয় বাঁধা পড়েছে, তা আগে কখনো দেখা যায়নি। আগামীকাল ‘ক্যানিয়ন অব হিরোস-এ যখন আমরা এই নিক্স দলকে অমর করে রাখার রাজকীয় সংবর্ধনা দিতে যাচ্ছি, তখন এই উদযাপনকে আগামী মৌসুম পর্যন্ত বাঁচিয়ে রাখতে সাবওয়ের এ প্রবেশপথটি সংরক্ষণ করা অত্যন্ত চমৎকার একটি সিদ্ধান্ত। সাবওয়ে এবং নিক্স, দুটিই নিউ ইয়র্কের সবচেয়ে প্রিয় দুটি প্রতিষ্ঠান। এখন থেকে বর্তমান চ্যাম্পিয়নদের খেলা দেখতে যখনই সমর্থকেরা ‘দি গার্ডেন-এ (ম্যাডিসন স্কয়ার গার্ডেন) যাবেন, তখনই তারা কমলা আর নীলের এক দারুণ অভ্যর্থনা পাবেন।”
এমটিএ-এর চেয়ারম্যান এবং সিইও জ্যানো লিবার বলেন, ‘এটি কেবল কিছু রঙের প্রলেপ টিকিয়ে রাখা নয়, তার চেয়েও বেশি কিছু। নিক্সের এই ঐতিহাসিক চ্যাম্পিয়ন হওয়ার লড়াই নিউ ইয়র্কবাসীর মধ্যে এক অভূতপূর্ব উদ্দীপনার বিস্ফোরণ ঘটিয়েছে এবং আমাদের এই কমলা ও নীল সাবওয়ে প্রবেশপথটি ছিল সেই আনন্দের কেন্দ্রবিন্দু। আমরা এই সৌভাগ্যের ছোঁয়া কোনোভাবেই হাতছাড়া করতে পারি না!’
এ সাবওয়ে স্টেশনটি সংরক্ষণের ঘোষণা দেওয়ার সময় গভর্নর হোচুলের সাথে উপস্থিত ছিলেন নিক্স দলের কিংবদন্তি সমর্থক তথা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক স্পাইক লি।

















