শুক্রবার, ১৯ জুন ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্ক সিটিতে  নতুন এরিয়া কোড ‘৪৬৫’

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১১:০৮, ১৯ জুন ২০২৬

নিউইয়র্ক সিটিতে  নতুন এরিয়া কোড ‘৪৬৫’

ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য একটি বড় খবর। শহরের ক্রমবর্ধমান ফোন নম্বরের চাহিদা মেটাতে এবার একটি পুরোপুরি নতুন এরিয়া কোড চালু করতে যাচ্ছে নিউ ইয়র্ক প্রশাসন। নতুন এই এরিয়া কোডটি হলো ‘৪৬৫’।

মোবাইল ফোন ও ট্যাবলেটের মতো নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বিদ্যমান এরিয়া কোডগুলোর নম্বর প্রায় শেষের দিকে। ফলে নতুন গ্রাহকদের জন্য পর্যাপ্ত ফোন নম্বরের সরবরাহ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই নতুন ‘৪৬৫’ এরিয়া কোডটি মূলত নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন্স, স্ট্যাটেন আইল্যান্ড এবং ম্যানহাটনের মার্বেল হিল অঞ্চলের গ্রাহকদের জন্য কার্যকর হবে। এটি বর্তমানে সচল থাকা এরিয়া কোড যেমন— ৩৪৭, ৭১৮, ৯১৭ এবং ৯২৯-এর সাথে ‘ওভারলে’ বা অতিরিক্ত কোড হিসেবে যোগ হবে। অর্থাৎ, একই ভৌগোলিক অঞ্চলে আগের কোডগুলোর পাশাপাশি এই নতুন কোডটিও সহাবস্থান করবে।
গ্রাহকদের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য
পুরোনো নম্বর পরিবর্তন হবে না : যেসব গ্রাহকের বর্তমান নম্বর ৩৪৭, ৭১৮, ৯১৭ বা ৯২৯ কোড দিয়ে শুরু, তাদের বিদ্যমান নম্বরে কোনো পরিবর্তন আসবে না।
কলের খরচে পরিবর্তন নেই : নতুন এরিয়া কোড যুক্ত হওয়ার কারণে লোকাল কলের খরচ, কভারেজ এরিয়া বা অন্য কোনো সার্ভিসের হারে কোনো পরিবর্তন আসবে না। যা বর্তমানে লোকাল কল হিসেবে গণ্য হয়, তা তেমনই থাকবে।
ডায়াল করার নিয়ম : স্থানীয় এবং দূরপাল্লার উভয় কলের ক্ষেত্রেই গ্রাহকদের আগের মতো ‘১’ এবং এরিয়া কোডসহ মোট ১১টি ডিজিট ডায়াল করতে হবে।
কর্তৃপক্ষের মতে, নতুন এই এরিয়া কোডটি চালু হওয়ার ফলে নিউ ইয়র্কবাসী আগামী কয়েক বছর কোনো সংকট ছাড়াই নতুন ফোন নম্বর সুবিধা উপভোগ করতে পারবেন। নতুন সংযোগ বা অতিরিক্ত লাইন নেওয়ার ক্ষেত্রে পুরোনো এরিয়া কোডের নম্বর শেষ হয়ে গেলেই গ্রাহকদের এই ‘৪৬৫’ এরিয়া কোডটি বরাদ্দ দেওয়া শুরু হবে।
 

শেয়ার করুন: