ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম সত্ত্বেও মেমোরিয়াল ডে-র ছুটিতে রেকর্ড সংখ্যক মানুষ গাড়ি নিয়ে ভ্রমণে বের হবেন বলে আশা করা হচ্ছে; যা অন্তত এখনকার জন্য জ্বালানির স্থিতিস্থাপক চাহিদারই ইঙ্গিত দিচ্ছে।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) সোমবার জানিয়েছে, গ্রীষ্মের অনানুষ্ঠানিক সূচনা এবং এই ছুটির সপ্তাহে প্রায় ৩ কোটি ৯১ লাখ মানুষ অন্তত ৫০ মাইল পথ গাড়ি চালিয়ে ভ্রমণের পরিকল্পনা করছেন। গত বছর একই সময়ে ৩ কোটি ৯০ লাখ মানুষ সড়কপথে ভ্রমণে বেরিয়েছিলেন।
এএএ-এর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি গ্যালন গ্যাসের (পেট্রোল) দাম ৪.৫০ ডলারের উপরে অবস্থান করছে, যা গত বছর একই সময়ে ছিল প্রায় ৩.১৭ ডলার।
গ্যাসবাডির পেট্রোলিয়াম বিশ্লেষণ বিভাগের প্রধান প্যাট্রিক ডি হান বলেন, ‘মানুষ ছুটির দিনে তাদের ভ্রমণ সীমাবদ্ধ করতে চাইবে না। এমনকি গ্যাসের দাম প্রতি গ্যালন ৬ ডলার হলেও মানুষ ছুটির এই সময়ে ভ্রমণ করবেই।’
বিগত দশকের মেমোরিয়াল ডে-র পূর্বাভাসগুলোর মধ্যে এটিই সবচেয়ে কম আশাব্যঞ্জক (২০২০ সাল বাদে, যখন কোভিড-১৯ মহামারির কারণে এএএ কোনো পূর্বাভাস দেয়নি)।
এএএ-এর তথ্যমতে, গড় পেট্রোলের দাম এখন এই মৌসুমের জন্য রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং তা ২০২২ সালের জুনে নির্ধারিত সর্বকালের সর্বোচ্চ দামের চেয়ে মাত্র ৫০ সেন্ট কম। ইরান যুদ্ধের তিন মাস পূর্ণ হতে চলায় হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বজুড়ে অপরিশোধিত তেল ও পরিশোধিত পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।
এখন পর্যন্ত এই সংকটের সবচেয়ে খারাপ প্রভাব দেখা গেছে বিদেশের বাজারে এবং অন্যান্য জ্বালানি যেমন, জেট ফুয়েল ও ডিজেলের ক্ষেত্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় মূল্য সর্বকালের রেকর্ড থেকে মাত্র ২০ সেন্ট কম। অন্যদিকে, জেট ফুয়েলের আকাশচুম্বী দামের কারণে বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে। আর স্পিরিট এয়ারলাইন্স তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

















