বুধবার, ০৪ মার্চ ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

২৬ মিলিয়ন ডলারের  প্রাসাদটি গুঁড়িয়ে দেওয়া হবে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২০:৫১, ১৬ জানুয়ারি ২০২৬

২৬ মিলিয়ন ডলারের  প্রাসাদটি গুঁড়িয়ে দেওয়া হবে

ছবি: সংগৃহীত

লং আইল্যান্ডের একটি অভিজাত শহরের কর্মকর্তারা প্রায় ২৬ মিলিয়ন (২ কোটি ৬০ লাখ) ডলার খরচ করে একটি বিলাসবহুল ১১-বেডরুমের সমুদ্রতীরবর্তী ম্যানশন কিনতে চান। এর মূল উদ্দেশ্য হলো সেটি ভেঙে ফেলা। এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এটি মোটেও কোনো পাগলামি নয়। নিউজডে গত সপ্তাহান্তে জানিয়েছে, সাউদাম্পটন টাউন বোর্ড মেডো লেনের সেই বাড়ির ১৭২ ফুটের পানিসীমানা বরাবর স্থানীয় সাধারণ মানুষের জন্য সমুদ্রসৈকতে যাতায়াতের সুযোগ করে দিতে চায়।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ক্রয়ের বিষয়টি নিয়ে মঙ্গলবার একটি গণশুনানি অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শহরের উপকূলীয় বালিয়াড়িগুলোর প্রাকৃতিক পরিবেশ রক্ষায়ও সহায়তা হবে।
শহরের ‘কমিউনিটি প্রিজারভেশন ফান্ড’-এর পরিচালক জ্যাকুলিন ফেনলন বলেন, ‘পুরো শহরজুড়ে আমরা উপকূলীয় স্থিতিস্থাপকতা বৃদ্ধি, প্রাকৃতিক পরিবেশের পুনরুদ্ধার এবং সংরক্ষণের জন্য উপকূলীয় সম্পত্তিগুলোকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করছি।’ এ ফান্ডটিই মূলত জমিটি কেনার অর্থ প্রদান করবে।
শহরের নথিপত্র অনুযায়ী, এই প্রাসাদের মালিক ফ্রান্সেস কাটজ এবং এর বাজারমূল্য হিসেবে ২৭ মিলিয়ন ডলার চাওয়া হয়েছিল। ২০২১ সালে সম্পত্তিটি ২৫ মিলিয়ন ডলারের সামান্য কমে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছিল, কিন্তু কয়েক মাস পর তা বাজার থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে শহর কর্তৃপক্ষ এটি ২৫.৮ মিলিয়ন ডলারে কেনার প্রস্তাব দিয়েছে।
অলাভজনক পরিবেশবাদী সংগঠন ‘গ্রুপ ফর দ্য ইস্ট এন্ড’-এর প্রেসিডেন্ট বব ডিলুকা নিউজডেকে বলেন, ‘আমি মনে করি যখন আপনি সমুদ্রতীরবর্তী কোনো সম্পত্তি হাতে পান, তখন আপনি দীর্ঘমেয়াদী জনস্বার্থের খরচ কমিয়ে আনেন। একই সাথে এই ধরণের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের জীবনের ঝুঁকিও কমে।‘
তিনি আরো জানান, এ ক্রয়টি তুষার পেঁচা এবং শর্ট-ইয়ার্ড পেঁচার মতো বিরল বন্যপ্রাণীদের রক্ষা করতে সহায়তা করবে। ডিলুকা বলেন, ‘নিশ্চিতভাবেই এর পরিবেশগত মূল্য রয়েছে। এর পেছনে জননিরাপত্তা এবং জনসাধারণের যাতায়াতের সুযোগ তৈরির গুরুত্বও অনেক বেশি।’
 

শেয়ার করুন: