শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সরকারের বিরুদ্ধে  মামলার হুমকি  এমটিএ-র

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

সরকারের বিরুদ্ধে  মামলার হুমকি  এমটিএ-র

ছবি: সংগৃহীত

মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে জানিয়েছে, অক্টোবর থেকে স্থবির হয়ে থাকা একটি সাবওয়ে সম্প্রসারণ প্রকল্পের জন্য প্রায় ৬০ মিলিয়ন ডলারের তহবিল না পেলে তারা মামলা করবে।

বুধবার ট্রানজিট এজেন্সির মাসিক বোর্ড সভায় এমটিএ-র প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যানো লিবার জানান, নিউইয়র্ক সিটির গণপরিবহন পরিচালনাকারী এ সংস্থাটি আগামী সপ্তাহের মধ্যে স্থগিত তহবিল ছাড়ের অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি পাঠিয়েছে। তিনি আরো বলেন, যদি এই অর্থ অবমুক্ত করা না হয়, তবে আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না।
লিবার বলেন, ‘একটি খনন কাজের চুক্তি অনুমোদনের অপেক্ষায় আছে। কেন্দ্রীয় সরকারের এই দীর্ঘসূত্রতার কারণে আমরা প্রকল্পের সময়সূচী এবং বাজেটে কোনো বিরূপ প্রভাব পড়ার ঝুঁকি নিতে পারি না। তাই আমরা কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিয়ে স্পষ্ট জানিয়েছি, সময় শেষ হয়ে গেছে।’
গত অক্টোবরে মার্কিন পরিবহন দপ্তর হারলেম পর্যন্ত সেকেন্ড এভিনিউ সাবওয়ে সম্প্রসারণ প্রকল্পের কেন্দ্রীয় অর্থায়ন স্থগিত করে। এর পাশাপাশি হাডসন নদীর তলদেশ দিয়ে ‘গেটওয়ে’ নামক একটি নতুন রেল টানেল প্রকল্পের তহবিলও আটকে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার বর্তমানে খতিয়ে দেখছে, এই অবকাঠামো প্রকল্পগুলো বর্ণ বা লিঙ্গভিত্তিক নিয়োগের বাধ্যবাধকতা নিষিদ্ধকারী নতুন একটি কেন্দ্রীয় নিয়ম লঙ্ঘন করছে কি না।
চলতি মাসের শুরুর দিকে, গেটওয়ে ডেভেলপমেন্ট কমিশনসহ সংশ্লিষ্ট পক্ষগুলো নতুন রেল টানেলের অর্থ ছাড়ের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছিল। সেই আইনি পদক্ষেপ আপাতত কাজে দিয়েছে। একজন ফেডারেল বিচারক অর্থ ছাড়ের নির্দেশ দেওয়ার পর ট্রাম্প প্রশাসন থেকে ২৩৫ মিলিয়ন ডলার পেয়েছে গেটওয়ে প্রকল্প।

শেয়ার করুন: