শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

চারুকণ্ঠের  বাংলা স্কুলের  উদ্বোধন

নিউইয়র্ক

প্রকাশিত: ২১:১৯, ২৫ সেপ্টেম্বর ২০২৬

চারুকণ্ঠের  বাংলা স্কুলের  উদ্বোধন

ছবি সংগৃহীত

নিউইয়র্কের ওজন পার্কের লিবার্টি এভিনিউস্থ আবদুল্লাহ ব্যাঙ্কোয়েট হলে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গত ১৩ সেপ্টেম্বর রোববার ওজন পার্কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল শিশু -কিশোর সংগঠন চারুকণ্ঠের বাংলা স্কুল।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, শুদ্ধ উচ্চারণ,মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাঙালি সংস্কৃতির চিরন্তন ঐতিহ্যকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে ওজন পার্কে এই স্কুলটির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ,সাংস্কৃতিক কর্মী এবং বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে আমাদের শিকড়ের পরিচয় তুলে ধরতে এই স্কুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্কুলের প্রতিষ্ঠাতা ফারজিন রাকিবা কবির জানায়, “চারুকণ্ঠ” শুধুমাত্র ভাষা শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতির সুকুমার কলা যেমন- সংগীত, আবৃত্তি ও চিত্রাঙ্কন শিক্ষার পাশাপাশি বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে নিখুঁতভাবে তুলে ধরাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। অনুষ্ঠানে শিশু- কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উপস্থিত অভিভাবকবৃন্দ প্রবাসে এমন একটি সময়োপযোগী উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আশা প্রকাশ করেন যে, চারুকণ্ঠ প্রবাসের নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি প্রসারে অবদান রাখবে। ওজনপার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের আনুষ্ঠানিক যাত্রার সূচনাপর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মেজবাহ আবেদিন, সাঈদ উর রব, শামসুল আবেদিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক গোলাম মুহাম্মদ মুহিত, টি ডব্লিউ  সৈনিক,আরিফুর চৌধুরী প্রমুখ। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন - মুহাম্মদ আবদুল আজিজ নাঈমী, আবু সাঈদ রতন, ডাঃ দ্বীপ চৌধুরী, সোয়েব আহমেদ।  চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সহোযোগিতা করেছেন - আহসানুল হক,  রেহানা পারভীন পপি, শীলা মুহিত, শম্পা,লুনা, মার্থা বাড়ই, জান্নাতুল বাকি। ওজন পার্কে শিশু-কিশোর সংগঠন চারুকন্ঠের এই বাংলা  স্কুলটি পরিচালনার জন্য আব্দুল্লাহ আহাদ ‘বে রিজ ফিজিক্যাল থেরাপি’-র হলটি ব্যবহার করার সুযোগ দিয়ে সহযোগিতা করার জন্য সকলের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহোযোগিতার জন্য মার্থা বাড়ই, গিলবার্ট বিভাস বাড়ই, শম্পা ও জান্নাতুল বাকিকে চারুকন্ঠর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানে গিলবার্ট বিভাস বাড়ই  ও টি  ডব্লিউ সৈনিক নিজ হাতে বাচ্চাদের জন্য রান্না করে এনেছিলেন।   
 

শেয়ার করুন: