শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সোসাইটির নির্বাচনের নতুন তারিখ ২৫ অক্টোবর

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৯, ২১ আগস্ট ২০২৬

সোসাইটির নির্বাচনের নতুন তারিখ ২৫ অক্টোবর

ছবি সংগৃহীত

বাংলাদেশ সোসাইটির নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ অক্টোবর রোববার। এর আগে ঘোষিত তফসিলে নির্বাচনের তারিখ ছিল ১৮ অক্টোবর রোববার। কিন্তু এদিন বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার অষ্টমী। আর এ কারণে দিনটির গুরুত্ব বিবেচনায় ১৮ অক্টোবরের পরিবর্তে নতুন তারিখ ২৫ অক্টোবর রোববার নির্ধারণ করে নির্বাচন কমিশন। 

১৮ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটির কার্যালয়ে আয়োজিত কার্যকরি কমিটি, নির্বাচন কমিশন ও ট্রাস্টি বোর্ডের যৌথসভায় নির্বাচনের নতুন তারিখ গৃহীত হয়। যৌথসভা শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের ঠিকানাকে জানান, যৌথসভায় কার্যকরী কমিটির পক্ষ থেকে নির্বাচনের তারিখ পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি সম্মান জানিয়ে এবং দিনটির গুরুত্ব অনুধাবন করে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার ব্যাপারে সভায় সর্বসম্মতি সিদ্ধান্ত গৃহীত হয়। এ কারণে ১৮ অক্টোবরের পরিবর্তে ২৫ অক্টোবর রোববার নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।  
আবু নাসের আরো জানান, নির্বাচনের তারিখ পরিবর্তন হওয়ায় তফসিলেও পরিবর্তন আনা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী মনোনয়নপত্র বিতরণের দিন ধার্য করা হয়েছে ২ সেপ্টেম্বর বুধবার। মনোনয়নপত্র জমা ৬ সেপ্টেম্বর রোববার। মনোনয়নপত্র বাছাই ৭ সেপ্টেম্বর সোমবার। আপিল করা যাবে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৯ সেপ্টেম্বর বুধবার। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার। 
নির্বাচনে প্রার্থিতার শর্ত ও বিধিমালা অপরিবর্তিত থাকবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের। 
যৌথসভায় বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজসহ অন্যান্য ট্রাস্টিগণ, প্রধান নির্বাচন কমিশনার আবু নাসেরসহ অন্যান্য কমিশনারগণ এবং সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ কার্যকরী কমিটির অধিকাংশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। 
১৮ আগস্ট মঙ্গলবার ছিল সদস্য যাচাই-বাছাইয়ের শেষ দিন। তবে সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে এই তারিখও পরিবর্তন করে আগামী ২৫ আগস্ট মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়েছে। এই তারিখের মধ্যে বাংলাদেশ সোসাইটির ওয়েবসাইট ও অফিসে এসে সদস্য তথ্য যাচাই ও সংশোধন করা যাবে। 
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী রাব্বী সৈয়দও গত ১৪ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার বরাবরে আবেদন করে নির্বাচনের তারিখ ১৮ অক্টোবর পরিবর্তনের অনুরোধ জানিয়েছেন। ওই আবেদনে তিনি ওইদিন দুর্গাপূজার অষ্টমী বলে উল্লেখ করে নতুন তারিখ ঘোষণার দাবি জানান। 
 

শেয়ার করুন: