ছবি নবযুগ
সাম্প্রতিক দক্ষিণ চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সংগঠন ‘হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম - ইউএসএ’ কর্তৃক গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের অর্থায়নে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০০ পরিবারকে এ সহযোগিতা দেয়ার পরিকল্পনা করা হয়।

১ম ধাপে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নে হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম টিম এবং মানবিক ও সমাজকর্মী আহমদ রশিদ (ব্রাদার বাহার)-এর যৌথ ব্যবস্থাপনায় ৩৬টি পরিবারকে পুনর্বাসন প্রকল্পের আওতায় ঢেউটিন বিতরণ করা হয়। ২য় প্রকল্প শিগগরই শুরু হবে।
আয়োজকরা জানান, প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে সহায়তা পৌঁছে দিতে প্রায় দুই সপ্তাহ ধরে কাথরিয়াসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বর্তমান অবস্থা সরেজমিনে যাচাই-বাছাই শেষে ৩৬টি পরিবারের একটি তালিকা প্রস্তুত করা হয়। তালিকায় কাথরিয়ার পাশাপাশি বাহারছড়া ও ইলশা এলাকার কয়েকটি ক্ষতিগ্রস্ত পরিবারও অন্তর্ভুক্ত ছিল।
ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ড ফর চট্টগ্রামের প্রতিনিধি ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল মতিন, মোস্তফা মনোয়ার মুন্না, সমাজকর্মী আহমদ রশিদ (ব্রাদার বাহার), কবি, লেখক ও সাংবাদিক কামরুদ্দিন আহমদ, বাংলাদেশ প্রেসক্লাব বাঁশখালী শাখার সভাপতি আব্দুর রহমান সোহেল, শিক্ষক কফিল উদ্দিন, স্থানীয় মেম্বার আবু তালেবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

















