শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ইউনাইটেড সীরাত কনভেনশন

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নবীজির নীতি অনুসরণের বিকল্প নেই

নিউইয়র্ক

প্রকাশিত: ১৯:২৭, ২১ আগস্ট ২০২৬

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নবীজির নীতি অনুসরণের বিকল্প নেই

সংগৃহিতি

চলমান মুসলিম উম্মাহ আর বিশ্ব পরিস্থিতির আলোকে দলমত নির্বিশেষে মানবজাতির কল্যান ও শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর নীতি-আদর্শ অনুসরণ করার বিকল্প নেই। মুহাম্মদ (সা:) সর্বকালের জন্য সকল মানুষের জন্য আদর্শ। তাঁর পথ ধরে চলতে পারলে শান্তি পাওয়া যাবে, বিশেষ করে মুসলিম উম্মাহ ইহকাল ও পরকালে অসীম সুখ-শান্তিতে থাকতে পারবেন। কেননা, মুহাম্মদ (সা:) এর জীবন চরিত্র একটি আদর্শ।

পবিত্র কোরআনের বানী আর তাঁর আদর্শ আমেরিকার ঘরে ঘরে পৌছে দেয়াও সকল মুসলিমের দায়িত্ব ও কর্তব্য। এজন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিউইয়র্কে আয়োজিত ১৯তম ‘ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন-২০২৬’ এ আলোচনাকালে বক্তারা এসব কথা বলেন। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রোববার (১৬ আগষ্ট) বাদ আসর থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত জ্যামাইকার অঙ্গন পার্টি হলের বিশাল মিলনায়তনে এই কনভেনশনের আয়োজন করা হয়। পার্শবর্তী ইকরা পার্টি সেন্টার ছিলো মহিলাদের আসনের বিশেষ ব্যবস্থা। খবর : ইউএনএ’র।
‘মুহাম্মদ (সা:) বিশ্ব শান্তি ও সামাজিক ন্যায় বিচারের আদর্শ’ শীর্ষক কনভেনশনে দেশ ও বিদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম-ওলামাগণ বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সামাজসেবী ও ব্যবসায়ী, গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সভাপতি ইঞ্জিনিয়ার জাহিদ মিন্টু। কনভেনশনের অন্যতম আয়োজক জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর খতিব ও পেশ ইমাম মির্জা আবু জাফর বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেশন পরিচালনা করেন আয়োজক কমিটির অপর দুই সদস্য মুফতি মালেক ও হাফেজ রফিকুল ইসলাম।
আসরের নামাজের পর কনভেনশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আদিল। বিশিষ্ট আলেম-ওলামাদের মধ্যে প্রথম পর্বের বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন হাফেজ রফিকুল ইসলাম, শায়েখ হামদান আজহারী, শায়েক শফিউর রহমান, মুফতি বুরহান, মাওলানা রফিক উদ্দিন, মুফতি ফয়সাল আব্দুল ওয়াহাব, মুফতি ইউসূফ, ইমাম ড. শামসী আলী, আব্দুর রহমান ও শায়েক আবু শায়েদ মাহফিজ।
মাগরিব-এর নামাজ ও বিরতির পর অনুষ্ঠিত কনভেনশনের মূল পর্বে বিষয় ভিত্তিক আলোচনায় অংশ নেন শেলটার রক মসজিদের ইমাম কারী নজরুল ইসলাম, সামাজিক সংগঠন নাহার-এর সভাপতি ডা. আতাউল ওসমানী, ইঞ্জিনিয়ার সামি মাসুদ, মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)-এর প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, শায়েক আব্দুল্লাহ কামাল আজহারী, মফিজুর রহমান, মুফতি ড. আনসারুল করীম, মুফতি মিজানুর রহমান এবং ইমাম মির্জা আবু জাফর বেগ।
কনভেনশনে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি সীরাহ কনভেনশনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, মিডিয়ার স্বাধীনতা, চরমান বিশ্ব পরিস্থিতি, সর্বোত্তম পরিবার, দাওয়া’র গুরুত্ব ও প্রয়োজনীয়তা, আল কোরআন তেলাওয়াতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, নবীজির সামাজিক কর্মকান্ড, ঐক্যবদ্ধ কমিউনিটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা, মানবাধিকার, ঐক্যবদ্ধ মুসলিম কমিউনিটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা, নবীজির জীবন-আচার, কাদিয়ানীদের ফিতনা-ফ্যাসাদ প্রভৃতি বিষয় স্থান পান।
সবশেষে বিশেষ দোয়া মুনাজাতের মধ্য দিয়ে কনভেনশনের সমাপ্তি ঘটে। এসময় দোয়া পরিচালনা করেন ইমাম মির্জা আবু জাফর বেগ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলনা মঞ্জুরুল করীম।
কনভেনশনে সর্বস্তরের বিপুল সংখ্যক মুসলিম নর-নারী অংশ নেন। শিশু-কিশোর-কিশোরীদের জন্য ছিলো হরেক রকমের খাবারের বিশেষ আয়োজন। কনভেনশনে যোগদানকারীদের জন্যও ছিলো রাতের খাবার।
 

শেয়ার করুন: