ছবি: সংগৃহীত
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান-কে তুলে ধরার পাশাপাশি প্রবাসে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো এবছরও নিউইয়র্কে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা-২০২৬’ আয়োজিত হচ্ছে। আগামী ১৫ মে থেকে ১৭ মে নিউইয়র্কে অনুষ্ঠিত হবে এই মেলা। মেলার আয়োজক সংগঠন হচ্ছে একাত্তরের প্রহরী।
এই উপলক্ষে গত ২ মে, শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জানানো হয়, নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল ক্রিশ্চিয়ান সেন্টারে এই মেলা অনুষ্ঠিত হবে। ১৫ মে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলার প্রথম দিনের কর্মকান্ড চলবে। অন্যান্য দিন অর্থাৎ ১৬-১৭ মে শনি ও রোববার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। এতে প্রধান অতিথি থাকবেন আমেরিকান কবি ও অনুবাদক ক্যারোলিন রাইট।
সভায় বলা হয়, ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা’ শুধু একটি বইমেলা নয়- এটি প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। বইমেলায় দেশের প্রথিতযশা লেখকদের বই, প্রবাসী লেখকদের প্রকাশনা, শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা এবং লেখক-পাঠক সরাসরি মতবিনিময়ের সুযোগ থাকবে। সভায় জানানো হয়, এবারের বইমেলায় আধুনিক স্টল ব্যবস্থাপনা, ডিজিটাল বুক কর্নার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী এবং শিশুদের জন্য সৃজনশীল কর্মশালার মতো ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রবাসে বাংলা বইমেলাকে নতুন মাত্রা দেবে। মেলাটি সফল করতে সবার সার্বিকসহযোগিতা কামনা করা হয়।
সভায় মেলার কমিটির আহ্বায়ক, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লুৎফুন নাহার লতা, এ্যানি ফেরদৌস, মিনহাজ আহমেদ, জাকারিয়া চৌধুরী, ফকির ইলিয়াস, ড. দীলিপ নাথ, মাঈনুল ইসলাম, মাইনুজ্জামান চৌধুরী সহ আরো অনেকে। সভা পরিচালনা করেন মেলা কমিটির সদস্য সচিব স্বীকৃতি বড়–য়া।
সভায় ড. জিনাত নবী সহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও সংগঠকেরা উপস্থিত ছিলেন। সভা শেষে এক আনন্দঘন মুহূর্তে ড. নূরুন নবীর জন্মদিন উপলক্ষ্যে উপস্থিত সকলে তাঁকে এক গুচ্ছ ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

















