ছবি: সংগৃহীত
স্বাস্থ্যবিমা খাতের জায়ান্ট প্রতিষ্ঠান ইউনাইটেড-হেলথকেয়ার ৫ মে জানিয়েছে, তারা তাদের স্বাস্থ্যসেবাগুলোর ৩০ শতাংশের ক্ষেত্রে ‘পূর্ব-অনুমোদন’ গ্রহণের প্রয়োজনীয়তা বাতিল করতে যাচ্ছে। প্রশাসনিক জটিলতার কারণে রোগীদের সেবা পেতে দেরি হওয়া বা সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মিনেসোটা-ভিত্তিক এই বিমাকারী প্রতিষ্ঠানটি সেইসব বড় বিমা কোম্পানির মধ্যে অন্যতম, যারা ডাক্তার বা চিকিৎসা সেবাদাতাদের বিল পরিশোধ বা প্রেসক্রিপশন দেওয়ার আগে বিমা কোম্পানির কাছ থেকে অনুমতি নেওয়ার বা ‘রিভিউ’ করার এই প্রথা কমিয়ে আনার অঙ্গীকার করেছে। চিকিৎসক এবং রোগীরা দীর্ঘদিন ধরে এই ‘পূর্ব-অনুমোদন’ ব্যবস্থার সমালোচনা করে আসছেন। বিভিন্ন জরিপ এবং সরকারি তদারকি প্রতিবেদনে বলা হয়েছে, এই পদ্ধতির কারণে নিয়মিতভাবে রোগীদের চিকিৎসা সেবা বিলম্বিত বা ব্যাহত হয়।
ইউনাইটেড-হেলথকেয়ার জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ তারা কিছু আউটপেশেন্ট অপারেশন (বহির্বিভাগীয় অস্ত্রোপচার), ইকোকার্ডিওগ্রামের মতো ডায়াগনস্টিক পরীক্ষা, আউটপেশেন্ট থেরাপি এবং কাইরোপ্রাকটিক কেয়ারের ক্ষেত্রে পূর্ব-অনুমোদন প্রথা তুলে নেবে। প্রতিষ্ঠানটির মতে, তাদের আওতাভুক্ত চিকিৎসা সেবার মাত্র ২ শতাংশ ক্ষেত্রে এই অনুমোদন প্রয়োজন হয় এবং যখনই অনুমোদনের আবেদন করা হয়, তার ৯২ শতাংশই একদিনের কম সময়ে অনুমোদিত হয়।
এক বিবৃতিতে ইউনাইটেড-হেলথকেয়ার-এর সিইও টিম নোয়েল বলেন, এই পদক্ষেপের ফলে রোগীদের জন্য সেবা গ্রহণ সহজ হবে এবং চিকিৎসকরা রোগীদের পেছনে আরও বেশি সময় দিতে পারবেন।
নোয়েল আরও বলেন, ‘রিভিউ প্রক্রিয়াকে দ্রুততর, সহজতর এবং আরও কার্যকর করার জন্য আমরা আমাদের প্রক্রিয়াগুলোকে আরও উন্নত ও পরিমার্জিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
গত জুন মাসে ইউনাইটেড-হেলথকেয়ার, ব্লু ক্রস ব্লু শিল্ড, সিগনা, কাইজার পারমানেন্টে, হিউম্যানা এবং অন্যান্য বিমা কোম্পানি ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে মিলে ঘোষণা দিয়েছিল, তারা পূর্ব-অনুমোদনের ব্যবহার কমিয়ে আনবে এবং একে আরও সহজ করবে। স্বাস্থ্য ও মানবসেবা সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র এবং সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেড সার্ভিসেস-এর প্রশাসক মেহমেত ওজ জানান, বিমা কোম্পানিগুলো স্বেচ্ছায় এই পরিবর্তনের অঙ্গীকার করেছে।
তবে মেহমেত ওজ সতর্ক করে বলেন, যদি বিমা কোম্পানিগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী উন্নতি না করে, তবে এই পরিবর্তন কার্যকর করতে ফেডারেল সরকার নতুন নিয়ম ও নীতিমালা গ্রহণ করতে পারে।
বিমা কোম্পানিগুলো জানিয়েছে, এই পরিবর্তনগুলো প্রাইভেট কমার্শিয়াল ইন্স্যুরেন্স, মেডিকেয়ার অ্যাডভান্টেজ এবং মেডিকেড ম্যানেজড কেয়ার প্ল্যানের আওতায় থাকা প্রায় ২৫ কোটি ৭০ লাখ আমেরিকানদের জন্য প্রযোজ্য হবে।
সূত্র : ইউএসএ টুডে

















