ছবি: সংগৃহীত
দলীয় থিমের একটি সরকারি আবর্জনার পাত্র চুরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই নির্বোধ নিক্স ভক্ত অবশেষে চুরির মাল ফেরত দিয়েছেন। আর এই নোংরা কাজের জন্য তাকে ১৭৫ ডলার জরিমানা করা হয়েছে।
পরিচ্ছন্নতা বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ফেরত পাওয়া ঝুড়িটির একটি ছবির পাশে লিখেছে, ‘হোম সুইট হোম (নিজের ঘরে স্বাগত)। ফিরে আসার জন্য স্বাগতম! আমরা তোমাকে মিস করেছি!’
বিভাগের কর্মকর্তারা মিডিয়াকে জানিয়েছেন, কমলা ও নীল রঙের এ পাত্রটি চুরি হয়েছিল এক ‘অবিশ্বাস্য রকমের বোকা’ ভক্ত। সূত্রগুলো এই লোককে জেপিমরগান চেজ থেকে সম্প্রতি বরখাস্ত হওয়া নির্বাহী কর্মকর্তা অ্যাঞ্জি বায়েজ হিসেবে শনাক্ত করেছে। আবর্জনাগুলো ব্রডওয়ের ওপর ঢেলে দিয়ে সরকারি পাত্রটি নিয়ে তিনি চম্পট দেন।
এক্সে পোস্ট করা নতুন ছবিটিতে আবর্জনার পাত্রটিকে পরিচ্ছন্নতা বিভাগের অফিসের বাইরে দেখা গেছে।
বিভাগের মুখপাত্র ভিনসেন্ট গ্রাগনানি বলেন, ‘হ্যাঁ, এটি ঠিক সেই একই ঝুড়ি যা ভিডিওতে দেখা গিয়েছিল। এটি আমাদের কাছে ফেরত দেওয়া হয়েছে, আমরা এটি থেকে দুটি স্টিকার তুলে ফেলেছি এবং আমাদের ওয়ার্থ স্ট্রিট সদর দফতরে নিজেই ছবিটি তুলেছি, কোনো এআই ব্যবহার করা হয়নি।’
গ্রাগনানি জানান, বায়েজ নিজেই চুরির মাল ফেরত দিয়ে গেছেন, এবং ময়লা ফেলার জন্য ৭৫ ডলার এবং পরিচ্ছন্নতা বিভাগের কার্যক্রমে বাধা দেওয়ার জন্য ১০০ ডলার জরিমানা করা হয়েছে, যা আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি।
এক্সে পোস্ট করা একটি ভিডিওতে পুরো নিক্সের পোশাকে সজ্জিত বায়েজকে ফুটপাতে ময়লা ঢেলে দিয়ে পাত্রটি নিয়ে চলে যেতে দেখা যাওয়ার পর এ হাই-প্রোফাইল চুরির ঘটনাটি ভাইরাল হয়ে যায়।

















