ছবি: সংগৃহীত
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বর্তমান ও সাবেক সদস্যদের জড়িয়ে ঘুষের অভিযোগের একটি যৌথ ফৌজদারি তদন্তের অংশ হিসেবে, বুধবার পুলিশ এবং এফবিআই বেশ কয়েকটি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে বলে সূত্রগুলো ১০১০ উইন্সকে জানিয়েছে।
এই বিষয়ে অবগত সূত্রগুলোর মতে, আইন প্রয়োগকারী সংস্থার এ পদক্ষেপটি মূলত বিভাগের প্রাক্তন চিফ জেফরি ম্যাড্রেকে নিয়ে শুরু হওয়া একটি তদন্তের সূত্র ধরে নেওয়া হয়েছে।
সূত্রগুলো আরো জানায়, এই তদন্তের সাথে ম্যানহাটন সাউথ প্যাট্রোল ব্যুরোর চিফ জেমস ম্যাককার্থি এবং এনওয়াইপিডি-র সাবেক প্রধান মুখপাত্র তারিক শেপার্ডও জড়িত রয়েছেন।
এনওয়াইপিডি জানিয়েছে, ম্যাককার্থিকে তার নিয়মিত দায়িত্ব থেকে সরিয়ে ‘মডিফাইড ডিউটি’ বা পরিবর্তিত দায়িত্বে রাখা হয়েছে। তাকে বদলি করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে স্টেটেন আইল্যান্ড প্যাট্রোল ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট চিফ মেলিসা ইগারকে।
এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন, এনওয়াইপিডির ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরো (অভ্যন্তরীণ বিষয়ক ব্যুরো) এবং এফবিআইয়ের সদস্যরা যৌথভাবে এই তল্লাশি পরোয়ানা কার্যকর করেছে। এটি ‘এনওয়াইপিডি, এফবিআই এবং নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিসের যৌথ পরিচালনায় চলমান একটি ফৌজদারি তদন্তের অংশ।’
টিশ আরো বলেন, ‘তদন্তটি বর্তমানে চলমান রয়েছে এবং এটি এনওয়াইপিডির সাবেক ও বর্তমান সদস্যদের আচরণ ও কর্মকা-ের সাথে সম্পর্কিত।’
তিনি আরো যোগ করেন, ‘এই তদন্ত এবং আজ সকালে আমাদের নেওয়া পদক্ষেপগুলো সেই প্রতিশ্রুতি পূরণের এবং এই বিভাগকে তার সর্বোচ্চ আদর্শে ধরে রাখার চলমান প্রচেষ্টারই একটি অংশ।’

















