ছবি: সংগৃহীত
ভাইরাল হওয়া একটি ভিডিওতে মেয়র জোহরান মামদানিকে ‘অপ্রয়োজনীয়’ এবং ‘আমার মেয়র নন’ বলে কটূক্তি করা এনওয়াইপিডি ক্যাপ্টেনকে আলোচনার আড়ালে সরিয়ে নিতে বদলি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তাদের তথ্যমতে, ৫১ বছর বয়সী ক্যাপ্টেন জেমস জি. উইলসনকে ৯৪তম প্রিসিন্ট থেকে ব্রঙ্কসে অবস্থিত এনওয়াইপিডি-র ৯১১ কল সেন্টারে পাঠানো হয়েছে। তিনি গ্রিনপয়েন্ট এলাকার স্টেশন হাউসে দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
বুশউইকের একটি হাসপাতালের বাইরে সপ্তাহান্তের এক উত্তপ্ত প্রতিবাদ কর্মসূচির সময় উইলসনকে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে মামদানিকে গালি দিতে দেখা যায়। এরপরই তার এই বদলির আদেশ আসে। এছাড়া ডিউটি চলাকালীন পুলিশ কর্মকর্তাদের রাজনৈতিক মতামত প্রকাশের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তা অমান্য করার দায়ে তিনি সম্ভাব্য বিভাগীয় শাস্তির মুখেও পড়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা যখন উইলসনকে মনে করিয়ে দিচ্ছিলেন যে মামদানি তার বস, তখন তিনি বলেন, ‘সে অপ্রয়োজনীয়, সে সাময়িক।’
উইলসন উপহাসের হাসি দিয়ে আরও বলেন, ‘না, সে পুরোপুরি অর্থহীন। সে একটি লজ্জা এবং সম্পূর্ণ আজেবাজে একজন। সে আমার মেয়র নয়।’
ক্লিপটির পরের অংশে হাসিমুখে থাকা উইলসনকে সব ডেমোক্র্যাটদের ‘মানবজাতির আবর্জনা’ বলে তুচ্ছতাচ্ছিল্য করতে দেখা যায়।
গত ২ মে ওয়াইকফ হাইটস মেডিকেল সেন্টারের সামনে আইসিই-বিরোধী এক বিক্ষোভকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়, তার মধ্যে এ ভিডিওটি একটি। সেখানে বিক্ষোভকারীরা খবর পেয়েছিল যে ইমিগ্রেশন এজেন্টরা একজন অবৈধ নাইজেরীয় অভিবাসীকে চিকিৎসার জন্য নিয়ে এসেছে। সেই বিশৃঙ্খলার সময় পুলিশের সাথে ধস্তাধস্তির পর নয়জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছিল।
মামদানির অনেক বামপন্থী সমর্থক এনওয়াইপিডির বিরুদ্ধে হাসপাতালে আইসিই-কে অবৈধভাবে সাহায্য করার অভিযোগ তুলেছিলেন, যে দাবিটি মেয়র অস্বীকার করেছেন।
উইলসন সম্ভবত সেই বিক্ষোভ সামাল দিতে মোতায়েন করা পুলিশদের একজন ছিলেন, যেখানে ভিডিওতে তাকে আন্দোলনকারীদের সাথে রাজনীতি নিয়ে তর্কে লিপ্ত হতে দেখা যায়।
নথি অনুযায়ী, তিনি গত এপ্রিলে ৯৪তম প্রিসিন্টে বদলি হয়ে এসেছিলেন। ২০০৬ সালের জুলাইয়ে তিনি এনওয়াইপিডিতে যোগ দেন, যার অর্থ হলো তিনি বাহিনীতে ২০ বছর পূর্ণ করার এবং অবসরে যাওয়ার কাছাকাছি পৌঁছেছেন।
এনওয়াইপিডির এক মুখপাত্র জানিয়েছেন, ব্রঙ্কসে বদলি হওয়ার পরও উইলসন বর্তমানে সক্রিয় দায়িত্বে রয়েছেন। তবে এই ক্যাপ্টেনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে উইলসন ‘দ্য পোস্ট’-এর প্রতিবেদকের ফোন কেটে দেন।

















