ছবি: সংগৃহীত
নিউইয়র্ক আগামী ১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) রিয়েল এস্টেট এক্সপো ২০২৬। এ উপলক্ষে বুধবার জ্যামাইকার গ্রেটার নেক্সাসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আসন্ন এক্সপোর বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, এটি হবে রিয়েল এস্টেট খাতে অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন, যেখানে ডেভেলপার, বিনিয়োগকারী, এজেন্ট, ব্যাংকার, আইনজীবী, স্থপতি ও নীতিনির্ধারকসহ বিভিন্ন পেশাজীবী অংশ নেবেন।
আসন্ন এক্সপোটি নিউইয়র্কের নিউইয়র্ক লাগার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট-ডাবলট্রি হিলটন ভেন্যুতে সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে ৬০টিরও বেশি প্রদর্শক এবং এক হাজারের বেশি পেশাজীবী ও বিনিয়োগকারীর অংশগ্রহণের আশা করা হচ্ছে।
আয়োজকরা জানান, দিনব্যাপী এই ইভেন্টে নেটওয়ার্কিং সেশন, প্যানেল আলোচনা, প্রদর্শনী এবং বিনিয়োগ ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হবে।
ইউএসবিসিসিআই’র পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক রিয়েল এস্টেট বাজারে নতুন বিনিয়োগ সুযোগ সৃষ্টি হবে এবং ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি লিটন আহমেদ, ডিরেক্টর শেখ ফরহাদ, ইসমাইল আহমেদ, আহাদ আলী সিপিএ, লোন অফিসার জাহাঙ্গীর গাজী এবং স্পন্সর প্রতিষ্ঠানের ফাহিম হোসেন।

















