শুক্রবার, ০১ মে ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কুইন্সে যৌন নির্যাতনের  অভিযোগে ইমাম  গ্রেফতার

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৮, ১ মে ২০২৬

কুইন্সে যৌন নির্যাতনের  অভিযোগে ইমাম  গ্রেফতার

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের কুইন্সে একটি মসজিদের সঙ্গে যুক্ত এক ধর্মীয় নেতার বিরুদ্ধে ১০ বছর বয়সী এক শিশুকে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ বলছে, এ ঘটনায় আরও ভুক্তভোগী থাকতে পারে বলে তারা আশঙ্কা করছে।

ইমাম তাজুল ইসলাম (৫৫) নামের ওই ব্যক্তিকে কুইন্সের শিশু নির্যাতন তদন্ত ইউনিট সোমবার গ্রেফতার করে। তিনি জ্যামাইকা এলাকায় অবস্থিত মসজিদ বিলালের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 
অভিযোগ অনুযায়ী, গত ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিলের মধ্যে চার দফায় তিনি শিশুটির শরীরের সংবেদনশীল স্থানে স্পর্শ করে নির্যাতন করেন।
কুইন্স জেলা অ্যাটর্নির দপ্তর জানায়, শিশুটি বিষয়টি জানালে তদন্ত শুরু হয় এবং প্রাথমিক প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যৌন নির্যাতন, জোরপূর্বক স্পর্শ এবং শিশুর কল্যাণ বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, এর আগে তার বিরুদ্ধে কোনো গ্রেফতারের রেকর্ড ছিল না।
মঙ্গলবার আদালতে হাজির হয়ে তাজুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করেন। আদালত তাকে ২৫ হাজার ডলারের বন্ডে জামিনে মুক্তি দিয়েছে এবং পরবর্তী শুনানির জন্য শুক্রবার আবার হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
এ ঘটনায় অভিযুক্তের আইনজীবী ও মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনো তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তদন্তকারীরা বলছেন, সম্ভাব্য আরও ভুক্তভোগীর সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
 

শেয়ার করুন: