ছবি: সংগৃহীত
গভর্নর ক্যাথি হোচুল রাষ্ট্র-প্রত্যয়িত রেইপ ক্রাইসিস (ধর্ষণ সংকট) প্রোগ্রামগুলোর জন্য প্রায় ১৩ মিলিয়ন ডলারের রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছেন। এ বিনিয়োগটি রাজ্যজুড়ে যৌন সহিংসতা থেকে বেঁচে ফেরা সারভাইভারদের সহায়তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে, যা গভর্নরের ২০২৭ অর্থবছরের নির্বাহী বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২৯ এপ্রিল, যা বিশ্বজুড়ে সারভাইভারদের প্রতি সংহতি প্রকাশের আন্তর্জাতিক আন্দোলন ‘ডেনিম ডে’ হিসেবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে গভর্নর নিউ ইয়র্ক রাজ্যের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আলোকসজ্জা করার নির্দেশ দিয়েছেন। ‘যৌন সহিংসতা সচেতনতা মাসে’ সুরক্ষা ও সেবাকে শক্তিশালী করার লক্ষ্যে গভর্নরের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই ঘোষণাগুলো এসেছে।
গভর্নর হোচুল বলেন, ‘এই তহবিল যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের পুনরুদ্ধার ও সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা এবং সম্পদ প্রদানের ক্ষেত্রে নিউ ইয়র্ক স্টেটের অবিচল অঙ্গীকারের বহিঃপ্রকাশ। গত এক দশকের মধ্যে এই প্রথম রেইপ ক্রাইসিস প্রোগ্রামগুলোর জন্য তহবিল বাড়ানো হয়েছে, যা সারভাইভারদের সংকটকালীন সময়ে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে। আমরা যখন ডেনিম ডে এবং যৌন সহিংসতা সচেতনতা মাস পালন করছি, তখন আমি নিউ ইয়র্কবাসীদের অনুরোধ করব, ডেনিম পোশাক পরে আমাদের সাথে সারভাইভারদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জ্ঞাপন করুন।’
ডেনিম ডে উপলক্ষে নিচের ১৬টি স্থাপনা টিল বা নীলাভ-সবুজ রঙে আলোকিত করা হয় :
১. ১ ডব্লিউটিসি
২. গভর্নর মারিও এম. কুওমো ব্রিজ
৩. কোসিয়াসকো ব্রিজ
৪. এইচ. কার্ল ম্যাককল সানি বিল্ডিং
৫. স্টেট এডুকেশন বিল্ডিং
৬. আলফ্রেড ই. স্মিথ স্টেট অফিস বিল্ডিং
৭. এম্পায়ার স্টেট প্লাজা
৮. স্টেট ফেয়ারগ্রাউন্ডস - মেইন গেট এবং এক্সপো সেন্টার
৯. নায়াগ্রা ফলস
১০. ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট মিড-হাডসন ব্রিজ
১১. গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল - পারশিং স্কয়ার ভায়াডাক্ট
১২. আলবানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গেটওয়ে
১৩. এমটিএ এলআইআরআর - পেন স্টেশনে ইস্ট এন্ড গেটওয়ে
১৪. ইরি ক্যানেলের ওপর ফেয়ারপোর্ট লিফট ব্রিজ
১৫. ময়নিহান ট্রেন হল
১৬. রুজভেল্ট আইল্যান্ড লাইটহাউস
২৭ বছর আগে ইতালীয় সুপ্রিম কোর্ট একটি ধর্ষণের সাজা বাতিল করার পর ‘ডেনিম ডে’ শুরু হয়েছিল। আদালত যুক্তি দিয়েছিল, ভুক্তভোগীর পোশাক (টাইট জিন্স) সম্মতির ইঙ্গিত দেয়। এর প্রতিবাদে ইতালীয় পার্লামেন্টের নারী সদস্যরা সারভাইভারের প্রতি সংহতি প্রকাশ করতে ডেনিম পরে কাজে আসেন। এ ঘটনাটি যৌন সহিংসতা সম্পর্কে ক্ষতিকারক ধারণাগুলোকে চ্যালেঞ্জ জানাতে এবং সচেতনতা বাড়াতে একটি বিশ্বব্যাপী আন্দোলন গড়ে তোলে।
স্টেট ডিভিশন অব ক্রিমিনাল জাস্টিস সার্ভিসেস-এর মাধ্যমে পরিচালিত এই ১২.৮ মিলিয়ন ডলারের তহবিলটি স্টেট ডিপার্টমেন্ট অব হেলথের মাধ্যমে প্রত্যয়িত ৫৫টি সংস্থাকে সহায়তা করবে। এই সংস্থাগুলো সারভাইভারদের জন্য সংকটকালীন কাউন্সেলিং, আইনি সহায়তা এবং অন্যান্য জরুরি সেবা প্রদান করে। এই বিনিয়োগটি এক দশকের মধ্যে এই খাতে প্রথম তহবিল বৃদ্ধি। এটি গভর্নর হোচুলের প্রসারিত সুরক্ষা ও সেবারই অংশ, যার মধ্যে রয়েছে সকল সারভাইভারের জন্য এইচআইভি প্রতিরোধক ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা এবং ফরেনসিক পরীক্ষা সম্পাদনকারী চিকিৎসা প্রদানকারীদের পারিশ্রমিক বাড়ানো।

















