ছবি: সংগৃহীত
গভর্নর ক্যাথি হোকুল ১০ বছর মেয়াদী একটি নতুন জরিপ কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছেন, যা নিউ ইয়র্কবাসীদের জুয়া খেলার ধরণ মূল্যায়ন এবং জুয়া-সংক্রান্ত সমস্যা নিরসনে কোথায় অতিরিক্ত সেবা ও সহায়তা প্রয়োজন তা নির্ধারণের জন্য ডিজাইন করা হয়েছে।
এই জরিপে অংশগ্রহণের জন্য রাজ্যের সকল অঞ্চলের বাসিন্দার সাথে যোগাযোগ করা হবে। এর ফলাফল নিউ ইয়র্কজুড়ে জুয়া-সংক্রান্ত সেবার মানোন্নয়ন ও প্রসারে ব্যবহার করা হবে। ‘নিউ ইয়র্ক স্টেট অফিস অফ অ্যাডিকশন সার্ভিসেস অ্যান্ড সাপোর্টস’ এই জরিপ কার্যক্রম পরিচালনা ও তদারকি করছে।
গভর্নর হোচুল বলেন, ‘নিউইয়র্ক স্টেট জুয়ার সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ; এই সমস্যা যে কাউকেই প্রভাবিত করতে পারে, তা সে যে বয়সেরই হোক বা যেখানেই বাস করুক না কেন। আমরা এই উদ্যোগের মাধ্যমে নিউ ইয়র্কবাসীদের জুয়া খেলার আচরণ সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়ার অপেক্ষায় আছি এবং এই বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। এই প্রচেষ্টাটি নিশ্চিত করবে যে, আমরা বাস্তব তথ্যের ভিত্তিতে বুদ্ধিদীপ্ত ও সুনির্দিষ্ট বিনিয়োগ করছি, যা নিউ ইয়র্কবাসীদের সুরক্ষা দেবে এবং সেবা পাওয়ার সুযোগ আরও শক্তিশালী করবে।’
অফিস অফ অ্যাডিকশন সার্ভিসেস অ্যান্ড সাপোর্টস-এর কমিশনার ড. চিনাজো কানিংহাম বলেন, ‘নিউ ইয়র্ক স্টেটে যেহেতু জুয়া খেলার সুযোগ প্রসারিত হচ্ছে, তাই আমাদের সক্রিয় হতে হবে এবং জুয়ার আসক্তিতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য কোথায় অতিরিক্ত সেবা প্রয়োজন তা নির্ধারণ করতে হবে। এই প্রচেষ্টার ফলাফল ভবিষ্যৎ পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণে সাহায্য করবে, যাতে নিউ ইয়র্কবাসীরা জুয়ার ক্ষতি থেকে সুরক্ষিত থাকে এবং আক্রান্তরা প্রয়োজনীয় সেবা পায়।’
এই ১০ বছর মেয়াদী গবেষণাটি ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ওপর পরিচালিত হবে। সংগৃহীত তথ্য ওএএসএএস-কে জুয়া সংক্রান্ত ক্ষতির প্রবণতা ও দৃষ্টিভঙ্গি, জুয়ার আসক্তির প্রসার এবং জুয়া সংশ্লিষ্ট ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বুঝতে সাহায্য করবে। এটি নিউ ইয়র্কের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে প্রতিরোধ, চিকিৎসা, ক্ষতি হ্রাস এবং সুস্থতা বা রিকভারি সেবার পরিকল্পনা ও বাস্তবায়নেও সহায়তা করবে। এই উদ্যোগের আওতায় প্রশ্নপত্র-ভিত্তিক জরিপের পাশাপাশি সাক্ষাৎকার এবং ফোকাস গ্রুপ আলোচনা পরিচালনা করা হবে। এই জরিপ সম্পর্কে আরো তথ্য ওএএসএএস-এর ওয়েবসাইটে পাওয়া যাবে।
ওএএসএএস নিউ ইয়র্ক স্টেটে বিস্তৃত পরিসরে জুয়া-সংক্রান্ত সেবা তদারকি ও প্রদান করে থাকে। এর মধ্যে রয়েছে বহির্বিভাগ ও আবাসিক চিকিৎসা সেবা, রিকভারি কমিউনিটি আউটরিচ সেন্টারে সহায়তা এবং জুয়ার আসক্তি থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ারের সুযোগ। রিজিওনাল প্রবলেম গ্যাম্বলিং রিসোর্স সেন্টারগুলো, যা ওএএসএএস-এর অর্থায়নে এবং ‘নিউ ইয়র্ক কাউন্সিল অন প্রবলেম গ্যাম্বলিং’-এর মাধ্যমে পরিচালিত হয়, তথ্য, প্রশিক্ষণ এবং সহায়তার জন্য আঞ্চলিক সম্পদ প্রদান করতে পারে।
এছাড়া, গেমফিনের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ওএএসএএস সেইসব ব্যক্তির বিনামূল্যে আর্থিক পরামর্শ দেয়, যারা জুয়ার কারণে আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়ছেন। স্টেট কর্তৃপক্ষ বেশ কিছু জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে যা স্বাস্থ্যকর জুয়া আচরণকে সমর্থন করে এবং নিউ ইয়র্কবাসীদের জুয়া সংশ্লিষ্ট ঝুঁকি কমানোর বিষয়ে শিক্ষিত করে, যার মধ্যে চলমান ‘টেক এ পজ’ ক্যাম্পেইন অন্যতম। এ ক্যাম্পেইনটি একটি জরিপে অংশ নেওয়ার মাধ্যমে মানুষকে তাদের জুয়া খেলার অভ্যাস মূল্যায়ন করতে উৎসাহিত করে এবং সুস্থ আচরণ বজায় রাখার জন্য টিপস ও সম্পদ প্রদান করে।
ওএএসএএস ‘রেসপন্সিবল প্লে পার্টনারশিপ’-এর মাধ্যমে এনওয়াইএস গেমিং কমিশন এবং এনওয়াই কাউন্সিল অন প্রবলেম গ্যাম্বলিং-এর সাথে নিবিড়ভাবে কাজ করে। তারা অপ্রাপ্তবয়স্কদের জুয়া খেলা প্রতিরোধে নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণ, দায়িত্বশীল গেম খেলার প্রসার এবং প্রয়োজনে নিউ ইয়র্কবাসীরা কীভাবে সহায়তা পেতে পারে সে বিষয়ে একত্রে কাজ করে।

















