ছবি সংগৃহীত
নিউইয়র্ক সিটির স্কুলগুলোর চারপাশে সড়ক নিরাপত্তা ব্যবস্থা সম্প্রসারণ করছে বলে ঘোষণা করেছেন মেয়র জোহরান মামদানি। এর মধ্যে রয়েছে ঘণ্টায় ১৫ মাইল গতির নতুন শত শত ‘স্লো জোন’ (ধীরগতির এলাকা), সড়কের নতুন নকশা এবং একটি নতুন গেটযুক্ত ‘ওপেন স্ট্রিট’।
এই নতুন স্লো জোনগুলো ‘স্যামিস ল’-এর আওতায় নগরীর সবচেয়ে বড় উদ্যোগের অংশ। ২০১৩ সালে ব্রুকলিনে দ্রুতগামী এক গাড়ির চাপায় নিহত ১২ বছর বয়সী স্যামি কোহেন একস্টাইনের স্মরণে এ আইনটি করা হয়েছিল।
মামদানি প্রশাসনের মতে, সিটি কর্পোরেশন চলতি বছরেই ঘণ্টায় ১৫ মাইল গতির ২০০টিরও বেশি স্লো জোন স্থাপন করেছে এবং ২০২৬ সালের শেষের মধ্যে আরও ৮০০টি স্লো জোন চালুর প্রত্যাশা করা হচ্ছে।
মামদানি এর আগে তার প্রথম মেয়াদের শেষের মধ্যেই যোগ্য প্রতিটি স্কুল এলাকায় গতিসীমা কমিয়ে ১৫ মাইল করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এর আওতায় প্রায় ৩,২০০টি সরকারি, বেসরকারি, ধর্মীয় এবং চার্টার স্কুল আসবে।
এক বিবৃতিতে মামদানি বলেন, ‘প্রতিটি শিক্ষার্থীর স্কুলে যাওয়ার সময় নিরাপদ বোধ করার অধিকার রয়েছে, এবং প্রতিটি অভিভাবকেরও একই রকম মানসিক শান্তি পাওয়ার অধিকার রয়েছে।’
সিটি কর্পোরেশনের পরিবহন বিভাগ এই শিক্ষাবর্ষেই ট্রাইবেকার ক্লার্কসন স্ট্রিটের একটি স্কুলের বাইরে শহরের প্রথম ‘ওপেন স্ট্রিটস গেট’ বসানোর পরিকল্পনা করছে।
সিটি হল জানিয়েছে, ‘শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ তৈরি করা এবং খেলাধুলা ও বহিরাঙ্গন শিক্ষার সুযোগ বাড়াতে’ সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখার জন্য এই গেটগুলো বসানো হবে।
হাডসন এবং ভ্যারিক স্ট্রিটের মধ্যবর্তী অংশে চলমান পুনর্গঠন কাজের অংশ হিসেবে এই গেট স্থাপন করা হচ্ছে।
যদিও ক্লার্কসন স্ট্রিটেই প্রথম গেট বসানো হবে, তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চালু হতে যাওয়া ৭৭টি ‘স্কুল ওপেন স্ট্রিটস’-এর মধ্যে এটি অন্যতম।
বছরজুড়ে পরিবহন বিভাগ ৩০০টিরও বেশি স্কুলের কাছাকাছি সড়কে নিরাপত্তা বাড়ানোর কাজ অব্যাহত রাখবে। নতুন সুবিধার মধ্যে থাকবে সাধারণ মানুষের বসার ব্যবস্থা, নিরাপদে রাস্তা পারাপারের জন্য পথচারীদের জন্য বর্ধিত জায়গা, উন্নত দৃশ্যমানতা এবং নিরাপদ গাড়ি চালনার গতিসীমা।

















