ছবি সংগৃহীত
নিউইয়র্ক সিটি নির্ধারিত অফিশিয়াল ডাস্টবিন ব্যবহার না করা ছোট আবাসিক ভবনগুলোতে জরিমানা করা শুরু করছে। পরিচ্ছন্নতা বিভাগ জানিয়েছে, ইঁদুরের উপদ্রব কমানোর জন্য নগরীজুড়ে নেওয়া এক উদ্যোগের অংশ হিসেবে এই নিয়ম জারি করা হয়েছে। এক থেকে নয়টি ইউনিট রয়েছে এমন যেকোনো বাড়ি বা আবাসিক ভবন এই নিয়মের আওতায় পড়বে।
প্রতিবার নিয়ম লঙ্ঘনে জরিমানার পরিমাণ বাড়বে : প্রথমবার ৫০ ডলার, দ্বিতীয়বার ১০০ ডলার এবং পরবর্তী প্রতিবারের জন্য ২০০ ডলার করে জরিমানা করা হবে।
লং আইল্যান্ড সিটির বাসিন্দা ডেভিড হেজেলটাইন বলেন, ‘ইঁদুর মুক্ত করা এবং রাস্তা থেকে ময়লা সরানোর যেকোনো উদ্যোগকে আমি সমর্থন করি। এটা কেন করব না, তাই না?’
মিয়া নোয়েটজেল নামে লং আইল্যান্ড সিটির আরেকজন বাসিন্দা এমন একটি ভবনে থাকেন যেখানে নিয়মটি মেনে চলা হচ্ছে। তিনি বিশ্বাস করেন, ইঁদুরমুক্ত নিউ ইয়র্ক গড়ার লক্ষ্যে এটি একটি সঠিক পদক্ষেপ।
নোয়েটজেল বলেন, ‘আমি মানুষকে রাস্তায় খাবার ফেলতে দেখি, তাই চারপাশে ইঁদুর থাকে। অন্য উপায়ে না ফেলে আমরা যদি এই আবর্জনাগুলো পাত্রে বা ডাস্টবিনে আটকে রাখতে পারি, তবে সেটা ভালোই হবে।’
পরিচ্ছন্নতা বিভাগ জানিয়েছে, ৩১১ নম্বর সেবা লাইনের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় চলতি বছরে ইঁদুর দেখার ঘটনা প্রায় ২০% কমেছে।
নিউ ইয়র্কের বাসিন্দারা শহরের যেকোনো ‘হোম ডিপো’ থেকে প্রায় ৬০ ডলারে এই ডাস্টবিনগুলো কিনতে পারবেন। এছাড়া ডোরড্যাশ, ইনস্টাকার্ট এবং উবারইটস-এর মতো প্ল্যাটফর্মের মাধ্যমেও এগুলো সরাসরি বাড়িতে আনিয়ে নেওয়া যাবে।

















