শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউ ইয়র্ক : শিক্ষা ব্যয়ে  শীর্ষে, পিছিয়ে  অন্যান্য খাতে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:১০, ১১ সেপ্টেম্বর ২০২৬

নিউ ইয়র্ক : শিক্ষা ব্যয়ে  শীর্ষে, পিছিয়ে  অন্যান্য খাতে

ছবি সংগৃহীত

নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০টি সরকারি স্কুল ব্যবস্থার মধ্যে অষ্টম (৮ম) স্থান অর্জন করেছে। স্কুলের গুণমান, অর্থায়ন, নিরাপত্তা এবং অন্যান্য বিষয় মূল্যায়ন করে ওয়ালেথাব-এর সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।

গবেষণায় উঠে এসেছে, শিক্ষা খাতে খরচের দিক থেকে নিউ ইয়র্ক দেশে প্রথম (১ম) স্থানে থাকলেও, স্কুলের নিরাপত্তা এবং সার্বিক শিক্ষার গুণমানের মতো ক্ষেত্রগুলোতে তুলনামূলক পিছিয়ে রয়েছে।
কোন রাজ্যগুলোর সরকারি স্কুল ব্যবস্থা সবচেয়ে শক্তিশালী তা নির্ধারণ করতে ওয়ালেথাব ৩২টি মূল সূচকের ওপর ভিত্তি করে ৫০টি রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মধ্যে তুলনা করেছে। এই বিশ্লেষণে শিক্ষাগত পারফরম্যান্স, অর্থায়ন, নিরাপত্তা, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর অনুপাত এবং শিক্ষকদের যোগ্যতার মতো বিষয়গুলো বিবেচনা করা হয়েছে।
ওয়ালেথাব-এর বিশ্লেষক চিপ লুপো বলেন, ‘একটি কার্যকর স্কুল ব্যবস্থার জন্য পর্যাপ্ত অর্থায়ন আবশ্যক, কিন্তু কেবল বেশি টাকা থাকলেই যে সাফল্য মিলবে এমন কোনো নিশ্চয়তা নেই। একটি স্কুল ব্যবস্থা কতটা ভালো হবে তা নির্ভর করে তহবিল কীভাবে ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি শিক্ষক ও অন্য পেশাজীবীদের মান এবং পাঠ্যক্রমের ওপর।’
নিউ ইয়র্কের অবস্থান কেমন?
নিউ ইয়র্ক সর্বমোট ৫৯.৫২ নম্বর পেয়ে দেশের সেরা স্কুল ব্যবস্থাগুলোর মধ্যে ৮ম স্থান অধিকার করেছে।
ওয়ালেথাব-এর তথ্য অনুযায়ী, রাজ্যটি শিক্ষা খাতে খরচে ১ম স্থানে থাকলেও স্কুলের নিরাপত্তার ক্ষেত্রে ১৯তম স্থানে রয়েছে।
এই ফল নির্দেশ করে, নিউ ইয়র্ক শিক্ষায় বিপুল অর্থ বিনিয়োগ করলেও কিছু ক্ষেত্রে এখনও উন্নতির সুযোগ রয়েছে, বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং গুণগত মানের বিভিন্ন সূচকে।
প্রতিবেশী রাজ্যগুলোর সাথে নিউ ইয়র্কের তুলনা
উত্তর-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্য দেশের শীর্ষ স্থানগুলোতে উঠে এসেছে।
ট্রাই-স্টেট অঞ্চলের অবস্থান নি¤œরূপ :
২. কানেটিকাট, স্কোর : ৬৯.২৯
৩. নিউ জার্সি, স্কোর : ৬৭.৪১
৮. নিউ ইয়র্ক, স্কোর : ৫৯.৫২
ম্যাসাচুসেটস সার্বিকভাবে ১ম স্থান অর্জন করেছে এবং গণিত ও পঠন দক্ষতার দিক থেকেও দেশজুড়ে শীর্ষে রয়েছে।
ওয়ালেথাব-এর সেরা পাঁচ রাজ্য :
১. ম্যাসাচুসেটস, স্কোর : ৭৪.৭৪
২. কানেটিকাট, স্কোর : ৬৯.২৯
৩. নিউ জার্সি, স্কোর : ৬৭.৪১
৪. নিউ হ্যাম্পশায়ার, স্কোর : ৬৩.৬৩
৫. উইসকনসিন, স্কোর : ৬০.৫৭
যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরো, ন্যাশনাল সেন্টার ফর এডুকেশন স্ট্যাটিস্টিকস এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনসহ বিভিন্ন উৎস থেকে ২০২৬ সালের ২২ জুন পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই র‌্যাঙ্কিং তৈরি করা হয়েছে।
 

শেয়ার করুন: