ছবি: সংগৃহীত
নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি গত বুধবার জানিয়েছেন, সাইকেল আরোহী এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রুকলিনের বারজেন এবং ডিন স্ট্রিট বরাবর ১০ মাইলের রাস্তা নতুন করে নকশা বা সংস্কার করার পরিকল্পনা করছে নগর কর্তৃপক্ষ।
মেয়র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এই প্রকল্পের মাধ্যমে কোর্ট স্ট্রিট এবং ইস্ট নিউ ইয়র্ক অ্যাভিনিউ-এর মধ্যবর্তী জনপ্রিয় সাইক্লিং পথগুলোকে আমূল বদলে ফেলা হবে এবং একে একটি ‘বাইক বুলেভার্ড’ হিসেবে গড়ে তোলা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদিও এলাকাভেদে ‘বাইক বুলেভার্ড’-এর ধরন ভিন্ন হয়, তবে সাধারণত এতে সুরক্ষিত বাইক লেন, সড়ক বিভাজক এবং ফুটপাত সম্প্রসারণের মতো বৈশিষ্ট্য থাকে। এর মূল লক্ষ্য হলো গাড়ির যাতায়াত বজায় রেখেই যানজট কমানো এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা।
প্রতি সপ্তাহে ‘বারজেন বাইক বাস’ নামে পরিচিত অভিভাবক ও শিক্ষার্থীদের একটি দল এই পথ দিয়েই স্কুলে যাতায়াত করে। ‘ন্যাশনাল বাইক অ্যান্ড রোল টু স্কুল ডে’ উপলক্ষে বুধবার সকালে মেয়র মামদানি সেই দলটির সাথে যোগ দেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘বাইক বুলেভার্ডগুলো পরিবারগুলোকে সেই মানসিক প্রশান্তি দেয় যা দিয়ে তারা দিনটি ভালোভাবে শুরু করতে পারে : অর্থাৎ স্কুলে যাওয়ার একটি নিরাপদ ও সহজ যাত্রা উপভোগ করা। সুরক্ষিত বাইক লেন থেকে শুরু করে নিরাপদ ক্রসিং পর্যন্ত, এই নতুন নকশাগুলো আমাদের রাস্তাগুলোকে মানুষের চলাচলের উপযোগী করে তুলবে এবং আমাদের ছোট প্রতিবেশীদের (শিশুদের) আজীবন সাইকেল চালক হতে উৎসাহিত করবে।’
নগর কর্মকর্তারা জানিয়েছেন, এই পুনর্নির্মাণের লক্ষ্য হলো দুর্ঘটনা কমানো এবং এই দীর্ঘ পথে পরিবারগুলোর জন্য নিরাপদ সাইক্লিং পথ তৈরি করা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্পটি পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। এই বছরের শেষের দিকে একটি নকশা প্রস্তাবনা পেশ করা হবে এবং ২০২৭ সাল নাগাদ নির্মাণের প্রথম পর্যায় শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সিটি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন-এর কমিশনার মাইক ফ্লিন এক বিবৃতিতে বলেন, ‘সাইকেল চালানো শিশুদের ব্যায়ামের একটি স্বাস্থ্যকর এবং আনন্দদায়ক মাধ্যম। রাস্তার সঠিক নকশা থাকলে আরও বেশি শিক্ষার্থী স্কুলে সাইকেল চালিয়ে যেতে নিরাপদ এবং আত্মবিশ্বাসী বোধ করবে; তখন তাদের সুরক্ষার জন্য আর অভিভাবকদের বড় কোনো দলের প্রয়োজন হবে না।’

















